সাংসদের আবার হুমকি, নারী সাংসদও অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাংসদের হুমকি-ধমকি সত্ত্বেও আজ সোমবার হবিগঞ্জের বাহুবলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বেলা তিনটায় সংরক্ষিত নারী আসনের সাংসদ কেয়া চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করবেন।

তবে সাংসদ আবদুল মুনিম চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেছেন, তিনি তাঁর লোকজনকে সঙ্গে নিয়ে আজ দুপুর ১২টায় স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। জাতীয় পার্টির এই সাংসদ বলেন, ‘আমার এলাকায় অন্য কাউকে এ কাজ করতে দেওয়া হবে না।’

সাংসদের হুমকির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসীম উদ্দিন গত শনিবার অনুষ্ঠানটি স্থগিত করেছিলেন। গত রাতে তিনি প্রথম আলোকেজানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আজই অনুষ্ঠানটি হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে গতকাল রোববার হবিগঞ্জে জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জের সাংসদ, আটটি উপজেলা পরিষদের চেয়ারম্যানরা, ইউএনও এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারাসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একাধিক জনপ্রতিনিধি জানান, সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে জানতে চান, কী কারণে সরকারের এ উন্নয়নকাজ হঠাৎ স্থগিত করা হলো? ইউএনও কি সরকারি কাজ বন্ধ করে দেওয়ার এখতিয়ার রাখেন?

ইউএনও জসীম উদ্দিন জবাব দেওয়ার আগেই সাংসদ মুনিম চৌধুরী মাইক হাতে নিয়ে বলেন, তিনি ওই এলাকার নির্বাচিত সাংসদ। তাঁর এলাকায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হলে তাঁর মাধ্যমেই করতে হবে। ইউএনও ও প্রশাসনকে তাঁর এবং উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।

পরে জেলা প্রশাসক মনীষ চাকমা তাঁর কক্ষে কেয়া চৌধুরী ও মুনিম চৌধুরীকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক সূত্র জানায়, জেলা প্রশাসক মুনিম চৌধুরীকে বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাঁকে ফোন করে জানিয়েছেন যে এই স্টেডিয়াম প্রকল্পের সঙ্গে শুরু থেকে কেয়া চৌধুরী জড়িত। তিনিই যেন এ কাজের উদ্বোধন করেন। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে মুনিম চৌধুরী বলেন, ‘আমি দেখে নেব কী করে কেয়া চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।’

কেয়া চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেছেন, জাতীয় পার্টির সাংসদ যতই ভয়ভীতি দেখান না কেন, ‘আমি আমার কাজ করব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজের উদ্বোধন আমিই করব।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগ নেয়।

 নিন্দা-ক্ষোভ

সংরক্ষিত নারী আসনের সাংসদ কেয়া চৌধুরীকে কাজ করতে বাধা দেওয়ায় তীব্র নিন্দা, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু বিবৃতিতে বলেছেন, নারী সাংসদদের এভাবে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।