সাংসদ এম এ লতিফের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফেস্টুন ও ব্যানার ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনার। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বারের সংবাদ সম্মেলনে দায় স্বীকার করেন ডিজাইনার কবির হোসেন। এ বক্তব্যের আগে সাংসদ লতিফ ছবি বিকৃতির জন্য ডিজাইনারকে দায়ী করেন।
ছবি বিকৃতির ঘটনায় নিজের মানহানি হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ (বন্দর, হালিশহর ও পতেঙ্গা) এম এ লতিফ বলেন, ‘আমি তো জাতির কাছে একেবারে নিলাম হয়ে গেলাম। আমার অনেক ক্ষতি হয়েছে।’
বঙ্গবন্ধুর ছবি বিকৃতি কে করেছে—এ তথ্য জানাতে গতকাল দুপুরে আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। তবে গত শনিবার বঙ্গবন্ধুর ছবি বিকৃতির জন্য সাংসদ লতিফ চট্টগ্রাম নগর আওয়ামী লীগে তাঁর বিরোধী পক্ষের প্রতি ইঙ্গিত করেছিলেন। এ বিষয়ে গতকাল সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল হয়তো তারা সম্পৃক্ত থাকতে পারে। এখন এই অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছি।’
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বঙ্গবন্ধুর ছবিসহ ফেস্টুন টাঙানো হয় নগরের বিভিন্ন এলাকায়। এসব ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়েছে বলে সাংসদ লতিফের বিরুদ্ধে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাঁর বিচার দাবি করে কয়েক দিন ধরে নগরে মিছিল-সমাবেশ করছেন। চট্টগ্রাম আদালতেও তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাংসদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
গতকাল সংবাদ সম্মেলনে সাংসদ লতিফ বলেন, ‘যারা কাজ (ফেস্টুন ও ব্যানার ছাপানো) করেছে, তাদের সবাইকে আমি অভিযুক্ত করেছি। বলেছি, তোমাদের বলতে হবে কীভাবে কী হয়েছে।’ এ সময় হায়দার প্রিন্টারসের গ্রাফিক ডিজাইনার কবির হোসেন বঙ্গবন্ধুর ছবি বিকৃতির জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সময় চেম্বারের আমন্ত্রণপত্রসহ অনেক অনুষ্ঠানের কাজ ছিল আমাদের হাতে। সময় ছিল কম। ১০ ফুট লম্বা ও ৫ ফুট প্রস্থের ব্যানারের জন্য বঙ্গবন্ধুর দাঁড়ানো ভালো ছবি পাইনি। যেসব ছবি ছিল, সেগুলোর রেজ্যুলেশন ভালো ছিল না। তাড়াহুড়ার কারণে তখন মুজিব কোট পরা একজনের ছবি খুঁজছিলাম। চেম্বারের এসব ব্যানার লাগানোর দায়িত্বে থাকা রাজীব দাশের মুঠোফোন থেকে এমপি স্যারের ছবি নিই। পরে বঙ্গবন্ধুর মুখমণ্ডলের সঙ্গে ওই ছবির বডি জুড়ে দিই। এমপি সাহেব বিষয়টি জানতেন না।’ এ সময় সেখানে থাকা রাজীব দাশ বলেন, ‘ভুল করেছি আমি। আমি অপরাধী। ক্ষমা চাচ্ছি।’
কবির হোসেনের স্বীকারোক্তির পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এম এ লতিফ। চট্টগ্রাম চেম্বারের প্রচারণায় তাঁর নাম ব্যবহার করে ফেস্টুন ছাপানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফেস্টুনের শ্লোকগুলো আমার লেখা। লেখক হিসেবে এবং শতবর্ষ উদ্যাপন কমিটির চেয়ারম্যান হিসেবেই আমার নাম এসেছে। এটি আমার টাকায় হয়েছে। তবে চেম্বারের কাজে লেগেছে।’
ভুল স্বীকার করায় ডিজাইনারের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বা চেম্বারের শতবর্ষ কমিটি থেকে ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে সাংসদ লতিফ বলেন, ‘আদালতে মামলা হয়েছে। একই বিষয় নিয়ে একাধিক মামলা করার দরকার হয় না।’
জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে অনেকেই অভিযোগ করেন আপনার বিরুদ্ধে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকে কোনো দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলাম না। কেউ বলতে পারলে আমি এখান থেকে বা যেকোনো দায়িত্ব থেকে উঠে চলে যাব। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারলে কোনো না কোনো ব্র্যান্ডে ব্র্যান্ডিং করতে হবে, এটাই আমাদের এখানে হচ্ছে।’