সাংসদের ঘোষণায় বিএনপির মিছিল-সমাবেশ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হকের ঘোষণার পর থেকে বিএনপিকে মিছিল-সমাবেশ করতে দিচ্ছে না পুলিশ। লন্ডনে বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের দেওয়া আপত্তিকর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত বাগমারায় বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ‘গণতন্ত্র রক্ষা দিবসে’ এক জনসভার আয়োজন করে। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি ছিলেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ এনামুল হক বলেন, লন্ডনে বসে তারেক জিয়া বঙ্গবন্ধু সম্পর্কে যে কুরুচিকর বক্তব্য দিয়েছেন, তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। যত দিন বাংলার মানুষের কাছে তিনি ক্ষমা না চাইবেন ও বক্তব্য প্রত্যাহার না করবেন তত দিন বাগমারায় বিএনপিকে কোনো মিছিল-সমাবেশ করতে দেওয়া হবে না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান জানান, সাংসদের নির্দেশ ও ঘোষণা তাঁরা বাস্তবায়ন করবেন। তারেক রহমান ক্ষমা না চাওয়া পর্যন্ত বাগমারায় বিএনপিকে কোনো মিছিল-সমাবেশ করতে দেওয়া হবে না।
এদিকে সাংসদের ঘোষণার পরদিন বিএনপি অবরোধের সমর্থনে উপজেলা সদরের ভবানীগঞ্জে মিছিল-সমাবেশের চেষ্টা করে। ওই দিন দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। গত মঙ্গল ও গতকাল বুধবারও বিএনপি মিছিল করার চেষ্টা করলে পুলিশ কর্মীদের লাঠিপেটা করে। এ কারণে বিএনপি নেতা-কর্মীরা কোনো মিছিল-সমাবেশ করতে পারেননি।
উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান জানান, ৭ জানুয়ারি থেকে পুলিশ মিছিল-সমাবেশে বাধা দিচ্ছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, তাঁরা মিছিল-সমাবেশের জন্য পুলিশের কাছে কোনো অনুমতি নেয়নি। এ জন্য বাধা দেওয়া হয়েছে। তবে সাংসদের কী ঘোষণা রয়েছে, তা তিনি জানেন না।