সাংসদের দাবিতে আ.লীগের প্রার্থী বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই ইউপিতে সাধন চন্দ্র তালুকদারের পরিবর্তে করুণা সিন্ধু চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার করুণা সিন্ধু আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধন চন্দ্র মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর আগে গত শনিবার এই ইউপিতে দলের প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে সাধন চন্দ্র তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তিনি দলীয় সভানেত্রীর সই করা চিঠিও পান। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন সোমবার রাতে সেটি পরিবর্তন করা হয়।
জানা গেছে, শনিবার কেন্দ্র থেকে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার জামালগঞ্জ, তাহিরপুর ও ধরমপাশা উপজেলার ২৩টি ইউপির দলীয় প্রার্থীর তালিকা প্রকাশের পর সেটি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। তিনি তাঁর নির্বাচনী এলাকার কয়েকটি ইউপিতে প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে করুণা সিন্ধুকে প্রার্থী করা হয় এবং তাঁর হাতে দলীয় সভানেত্রীর সই করা প্রার্থিতার কাগজ তুলে দেওয়া হয়।
সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি সভানেত্রীর কাছে পাঁচটি ইউপিতে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছিলাম। তিনি আমার দাবির প্রতি সহানুভূতি দেখিয়েছেন। ফেনারবাক ইউপিতে আওয়ামী লীগের নেতা করুণা সিন্ধুকে মনোনয়ন দিয়েছেন। আমি সভানেত্রীর কাছে কৃতজ্ঞ।’
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাধন চন্দ্র তালুকদার বলেছেন, ‘গত সোমবার রাতে আমি জানতে পারি, আমার বদলে আরেকজনকে এখানে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এলাকাবাসীর সমর্থন নিয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছি।’
জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউপিতে ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন নির্বাচন হবে।