সাংসদের দৃষ্টিতে পুলিশ 'দ্বিতীয় মুক্তিযোদ্ধা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ভূমিকার প্রশংসা করে তাদের ‘দ্বিতীয় মুক্তিযোদ্ধা’ হিসেবে হিসেবে উল্লেখ করেছেন সাংসদ সাইমুম সরওয়ার। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক উপস্থিত ছিলেন।
সমাবেশে কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যরা ৫ জানুয়ারির পর বিএনপি-জামায়াতের সহিংসতা যেভাবে কঠোর হাতে দমন করেছেন, আমি তাঁদের বলব, তাঁরা দ্বিতীয় মুক্তিযোদ্ধা।’
অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, মানবপাচার রোধে প্রশাসন কাজ করছে। বিদেশে পাঠানোর নামে যারা নানা প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারিত করেছে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, সামাজিকভাবে প্রতারকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে, যাতে প্রতারক চক্রের ফাঁদে মানুষ পা না দেয়।
সমুদ্রপথে শিশুদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে, তাদের সুরক্ষায় সরকার কী করছে—সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে যায়? সেখানে অনেক রোহিঙ্গা শিশুও রয়েছে।’ গতকাল বিকেলে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে হাইওয়ে পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে সেখানে সুধী সমাবেশেও বক্তব্য দেন তিনি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়ার সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, মহাসড়ক পুলিশের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাইফুল এহেছান।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি পক্ষ মুজিব-ইন্দিরা চুক্তিকে দেশ বিক্রির চুক্তি বলে অপপ্রচার চালিয়েছিল। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন সীমান্ত চুক্তি পাস হয়েছে, কই দেশ বিক্রি হয়েছে? যখন পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হলো তখন ওই পক্ষটি প্রচার করেছে ফেনী পর্যন্ত ইন্ডিয়া হয়ে যাবে, কই হয়েছে? প্রতারণা করে রাজনীতি হয় না। সবাই মিলে প্রধানমন্ত্রীর সহযোগী হয়ে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।’