রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে গতকাল বুধবার আওয়ামী লীগের নেতারা দলীয় সাংসদের প্রতি বিষোদ্গার করেছেন। তাঁদের অভিযোগ, সাংসদ তাঁদের এই অনুষ্ঠান আয়োজনে বাধার সৃষ্টি করেছেন।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। পুঠিয়া বাসস্ট্যান্ড মোড়ে ইক্ষু ক্রয়কেন্দ্রে এই সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিবুর রহমান।
অনুষ্ঠানে দলীয় কয়েকজন নেতা বলেন, অনুষ্ঠান করতে উপজেলা মিলনায়তনের জন্য আবেদন করা হয়েছিল। পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ আবদুল ওয়াদুদের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁদের মিলনায়তন দেননি। পুঠিয়া পিএন উচ্চবিদ্যালয়ের মাঠের জন্য আবেদন করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তাঁদের মাঠ ব্যবহারের অনুমতি দেননি। শেষ পর্যন্ত পুঠিয়া বাসস্ট্যান্ডের পাশে নোংরা একটি জায়গায় তাঁদের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। সময় বেঁধে দেওয়া হয় বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ওয়াদুদের উদ্দেশে বলেন, ‘যাঁরা আপনার ভোট পাহারা দেন, যাঁরা আওয়ামী লীগের অতন্দ্র প্রহরী, তাঁরা এই অনুষ্ঠানের সামনের সারিতে বসে আছেন। আপনি তাঁদের বিরোধিতা করছেন। আপনি আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের বিরোধিতা করছেন। আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনার মনোনয়ন হয়েছিল আমার হাত দিয়ে। আজ আমরা বঙ্গবন্ধুর কথা বলব আর আপনি বিরোধিতা করবেন। যদি বিরোধিতা করতে চান, তাহলে দিন-তারিখ দিয়ে মাঠে নামেন। মাঠেই আপনার সঙ্গে কথা হবে। আপনি ড. কামালের চেয়ে বড় নেতা হননি, আপনি মোস্তফা মহসিন মন্টুর চেয়ে বড় নেতা হননি। আপনাকে সরাতে সময় লাগবে না। আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু সুযোগসন্ধানী দলে ভিড়েছে। তাদের সঙ্গে নিয়েই এই সাংসদ আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বিরুদ্ধে নেমেছেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুস্তম আলী, আবদুল মজিদ সরদার, সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুনসুর রহমান, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র তোফাজ্জল হোসেন, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সম্পাদক জাহাঙ্গীর আলম।
সাংসদ ওয়াদুদ দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ছাড়া মাঠ না দেওয়ার ব্যাপারে জানতে পুঠিয়া পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া যায়।
তবে পুঠিয়ার ইউএনও নাজমা নাহার বলেন, মিলনায়তনের জন্য দুই পক্ষই আবেদন করেছিল। এ জন্য তিনি মিলনায়তন দিতে পারেননি। তিনি ইক্ষু ক্রয়কেন্দ্রের জায়গাটি তাঁদের জন্য নির্ধারণ করেন। সেখানে তিনি ও ওসি নিরাপত্তা দিয়ে তাঁদের অনুষ্ঠান করার ব্যবস্থা করেন। এ জন্য তাঁরা তাঁকে ধন্যবাদ দিয়েছেন।