সাংসদের প্রশ্ন, দেশের রাজা কি পুলিশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় আছে ‘মাছের রাজা ইলিশ’। আমার প্রশ্ন, দেশের রাজা কি পুলিশ? আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় এ প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম ওমর। 

বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ নুরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আজ মঙ্গলবার জাতীয় সচিবালয়ে আমি একটি জরুরি কাগজ ফেলে আসি। পরে কাগজটি আনতে আমার ব্যক্তিগত সহকারী গাড়ি নিয়ে সচিবালয়ে যান। কিন্তু সচিবালয়ের গেটে পুলিশ জানায়, সাংসদ নেই, তাই গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ব্যক্তিগত সহকারী আমার সঙ্গে মোবাইলে কথা বললে, আমি মোবাইলটি দায়িত্বরত পুলিশকে দিতে বলি। কিন্তু পুলিশ জানায়, তাঁরা আমার সঙ্গে কথা বলবেন না। পরে আমি ব্যক্তিগত সহকারীকে ফিরে আসতে বলি। তখন পুলিশ জানায়, তাঁরা আমার সহকারীকে ফিরতেও দেবে না। অনেক চেষ্টার পর একজন সাব ইন্সপেক্টর আমার সঙ্গে কথা বললেন। আমি বললাম, ইন্সপেক্টর সাহেব, বিষয়টি কী? দেশে কি যুদ্ধ শুরু হয়েছে, নাকি মার্শাল ল’ জারি হয়েছে? আমার স্টিকার লাগানো গাড়ি ঢুকতে দেবেন না ভালো কথা, বের হতেও দেবেন না? তাঁকে কি গ্রেপ্তার করে রেখে দেবেন? সাব ইন্সপেক্টর বললেন, তাঁরা নাকি আমাদের নিরাপত্তার জন্য এসব করছেন।’
এই বিষয়টি তদন্তের দাবি করেন সাংসদ নুরুল ইসলাম। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, নিরাপত্তার নামে কাউকে ঢুকতে দেবে না, বের হতেও দেবে না—এটা কোন ধরনের নিরাপত্তা?
সাংসদ অভিযোগ করেন, ওই গেটে যেসব পুলিশ সদস্য রয়েছেন, তাঁরা অবশ্যই জামায়াত-বিএনপির লোক।