সাংসদের বাড়ির কাছে আ.লীগের 'শোডাউন'
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার সোনাগাজীর বাড়ির কাছে সোনাপুর বাজারে গতকাল শুক্রবার জনসভা করেছে আওয়ামী লীগ। এই জনসভাকে আওয়ামী লীগের ‘শোডাউন’ হিসেবে দেখছেন অনেকে।
টিআরসহ বিভিন্ন প্রকল্প নিয়ে সাংসদ রহিম উল্যার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় ফেনী সার্কিট হাউসে রহিম উল্যাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একই দিন বিকেলে দাগনভূঞায় সাংসদকে শুভেচ্ছা জানিয়ে নির্মিত তোরণে আগুন ও ককটেল বিস্ফোরণের পর সাংসদের কয়েকটি কর্মসূচি পণ্ড হয়ে যায়। এসব ঘটনার পর সাংসদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরোধ চরম আকার ধারণ করে।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে গতকালের সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। জনসভায় ফেনীর ছয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সদস্য বলেন, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে উপজেলা আওয়ামী লীগের এই জনসভা করার উদ্দেশ্য হচ্ছে সাংসদকে ভয়ভীতি দেখানো ও ‘শোডাউন’ করা।
এ প্রসঙ্গে জেড এম কামরুল আনাম জানান, আওয়ামী লীগের নেতৃত্বে চলবে সোনাগাজী। অন্য কারও নেতৃত্বে নয়। এটা বোঝানোর জন্যই সেখানে ওই জনসভার আয়োজন করা হয়েছে।
সভায় বক্তারা অভিযোগ করেন, সোনাগাজীর সোনাপুর বাজার ও মুহুরি প্রকল্প এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির কারণে জনগণ অতিষ্ঠ। তাঁরা অবিলম্বে ওই এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। অন্যথায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের চরম খেসারত দিতে হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।