সাংসদের বিরুদ্ধে আ.লীগ নেতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খানের নির্দেশে পুলিশ তাঁর সংগঠনের ২০০ নেতা-কর্মীকে হয়রানি করছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় নান্দাইল পৌর শহরের বাসস্ট্যান্ড সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহাব উদ্দিন ভূঁইয়া, এম এ সালাম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২০ নভেম্বর নান্দাইল পৌর শহরের সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সমাবেশে সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা হামলা চালায়। সমাবেশস্থলের কিছুটা দূরে দুর্বৃত্তরা তাঁর ভাই শ্রমিকনেতা আবুল মনসুর ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৪৭ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। সিরাজুল আরও বলেন, তাঁর দায়ের করা মামলাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য সাংসদের অনুসারীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে পাল্টা ছয়টি মামলা দায়ের করেন। হত্যার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নান্দাইলে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হলে পুলিশ মামলার আসামি ধরার ক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণ করে।
এদিকে গত বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবুল মনসুরকে পুলিশ গ্রেপ্তার করে। দলীয় নেতাদের অভিযোগ, একে তো মিথ্যা মামলা, তার ওপর গ্রেপ্তারের পর আবুল মনসুরকে দিনের বেলা আদালতে না পাঠিয়ে গভীর রাতে ময়মনসিংহে পাঠানোর ঘটনাটিতে পুলিশ বেশি বাড়াবাড়ি করেছে। নান্দাইলের পুলিশ হত্যা মামলার আসামি না ধরে সাংসদের নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হয়রানি করছে। এসব বন্ধ না হলে আওয়ামী লীগ থানা ঘেরাওসহ হরতালের মতো কর্মসূচি ঘোষণা করবে। সংবাদ সম্মেলন শেষে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
গতকাল বিকেলে সাংসদ আনোয়ারুল আবেদিন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মো. আজিজুল বলেন, ‘স্যার মিটিংয়ে ব্যস্ত আছেন। রাতে স্যার অবসর হলে কথা বলতে পারবেন।’
হয়রানির অভিযোগ প্রসঙ্গে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন বলে জানান। কোনো কিছু জানার প্রয়োজন থাকলে থানার দ্বিতীয় কর্মকর্তার সঙ্গে তিনি যোগাযোগ করতে বলেন।