সাংসদের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আবু বকর ছিদ্দিক। আবু বকর ছিদ্দিক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ছিলেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ায় এবং তাঁর পক্ষে কাজ না করার প্রতিবাদে গতকাল সকালে আবু বকর ছিদ্দিক নিজ বাসভবনে নুরুল ইসলামের বিরুদ্ধে ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ছিদ্দিক বলেন, ‘আমাকে পরাজিত করতে কাজ করেছেন সাংসদ নুরুল ইসলাম। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নুরুল ইসলাম তাঁর প্রার্থীকে জেতানোর জন্য চেয়ারম্যান ও সদস্যদের নানাভাবে প্রভাবিত করেছেন। কিন্তু তাঁর প্রার্থীকে তিনি জেতাতে পারেননি, আমাকে হারিয়েছেন। আমাকে পরাজিত করতে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারওয়ার হোসেনকে দাঁড় করিয়ে দেন। শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রমাণ করেছেন তিনি সভাপতি হওয়ার যোগ্যতা হারিয়েছেন। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গেও কারণে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সাংসদ নুরুল ইসলাম তাঁর প্রার্থীকে ভোট দিলে চেয়ারম্যান ও সদস্যদের সোলার প্যানেল, টিআর, কাবিখা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে অনেক ভোটার প্রভাবিত হয়েছেন। আমি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। এই নির্বাচনে আমি পরাজিত হইনি, জননেত্রী শেখ হাসিনা পরাজিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত প্রকাশ্যে নির্বাচনী মাঠে না থাকলেও তিনি নুরুল ইসলামের অনুসারী হওয়ায় একই ভূমিকা পালন করেছেন।’

এ ঘটনায় আবু বকর ছিদ্দিক দলীয় সভাপতি শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ করেছেন। গতকাল ফ্যাক্স করে এ অভিযোগ পাঠিয়েছেন বলে তিনি দাবি করেন।

আনোয়ার সাদাত বলেন, ‘আমি ছিদ্দিকের প্রস্তাবক ছিলাম। তাঁকে একক প্রার্থী হিসেবে আমি অন্য প্রার্থীদের নিয়ে একাধিকবার বৈঠক করেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট।’

এ ব্যাপারে সাংসদ মুঠোফোনে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি, তাই দলীয় একটি পলিসি ছিল, যেসব এলাকায় একাধিক প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী আছেন, সেখানে একটি ভালো লোককে বের করার জন্য সহায়তা করা। তাই আমি যোগ্য প্রার্থী হিসেবে মির্জা সারওয়ার হোসেনের পক্ষে ছিলাম। এ নির্বাচনে তো প্রতীক নিয়ে সরাসরি কাউকে নির্দেশনা দেওয়া হয়নি। এ ছাড়া আবু বকর ছিদ্দিকগত পাঁচ বছর জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেননি। এ ছাড়া তিনি জেলা পরিষদ প্রশাসক হিসেবে অযোগ্য হওয়ায় তাঁকে টাকাপয়সা দিয়ে মানুষের কাছে ভোট চাইতে হয়েছে। পরাজিত হওয়ার পর তিনি এখন নিজের অপকর্ম ঢাকতে এ ধরনের সংবাদ সম্মেলন করছেন। আমি দুর্নীতিবাজ ও অযোগ্য লোকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছি।’