নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের সরকারদলীয় সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন।
এ ছাড়া কমিশন নির্বাচনী অনিয়মের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে। এ বিষয়ে নির্দেশ দিয়ে গতকাল বুধবার কমিশন সচিবালয় থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে সই করেন কমিশন সচিবালয়ের উপসচিব সামশুল আলম।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরশুরামের ঘটনা কমিশন তদন্ত করবে। অভিযোগ প্রমাণ হলে নির্বাচন বাতিল করা হবে। সে জন্য আপাতত নির্বাচন বন্ধ থাকবে। বরগুনার সাংসদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকায় কমিশন তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পাবনা-২ আসনের সরকারদলীয় সাংসদ আজিজুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে। তিনি এলাকায় অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করছেন। সে জন্য কমিশন তাঁকে কারণ দর্শাতে বলেছে।
অভিযোগ আছে, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার কারণে পরশুরামের বক্সমাহমুদ, চিথলিয়া ও মির্জানগর ইউপির বিএনপি মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। চেয়ারম্যান পদে তিনটি ইউনিয়নেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত। সদস্য (মেম্বার) পদে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে এবং নারীদের জন্য সংরক্ষিত নয়টি ওয়ার্ডের আটটিতে মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সাংসদেরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না এবং সরকারি কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবেন না। কিন্তু বরগুনার সাংসদ হাচানুর রহমান তফসিল ঘোষণার পর এলাকায় একটি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন। কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেন, সাংসদ সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করায় কমিশন তাঁর বিরুদ্ধে সরাসরি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
পৌরসভা নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন হাচানুর রহমানকে দুবার সতর্ক করেছিল। বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে মনোনয়নের প্রত্যয়নপত্র হেলিকপ্টারে নিয়ে গিয়েছিলেন সাংসদ শওকত হাচানুর। সে সময় তাঁর এমন কর্মকাণ্ড বেআইনি বলে অভিযোগ উঠেছিল।