সাংসদের শুভেচ্ছায় তোরণবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর মহিপালে গতকাল রোববার ছিল পরিবহন মালিক-শ্রমিক গণসমাবেশ। সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আয়োজিত এই গণসমাবেশের আগে তোরণে তোরণে ছেয়ে যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক। এসব তোরণে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
দেড় কিলোমিটার দীর্ঘ শহীদ শহীদুল্লা কায়সার সড়কে তোরণ নির্মাণ করা হয় ৪০টি।
শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাশে অবস্থিত বেসরকারি হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র, স্কুল, বাড়ির মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব তোরণ নির্মাণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, তোরণগুলোতে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর কোনো ছবি নেই। এটা খুবই দুঃখজনক।
জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আমীর হোসেন ওরফে বাহার বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে এসব তোরণ নির্মাণ করা হয়েছে।
বিএনপির নেতাদের ক্ষতিপূরণ দিতে হবে: ‘বিএনপি-জামায়াতের’ অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নিজাম হাজারী বলেন, যে এলাকায় গাড়ি পোড়ানো হবে, সে এলাকার বিএনপির সভাপতি ও সম্পাদককে শতভাগ ক্ষতিপূরণ দিতে হবে।
জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ গেলাম নবীর সভাপতিত্বে ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী।
পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্টার লাইন গ্রুপের পরিচালক জাফর উদ্দিন ও যুবলীগের নেতা নজরুল ইসলাম মিয়াজী।