সাংসদের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের দলীয় সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা কমিটির সভাপতি রেজাউল করিম তানসেনের সঙ্গে গতকাল শনিবার নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। দুই পক্ষে ‘হাতাহাতির’ উপক্রম হয়। এতে জেলা কমিটির সাধারণ সভা পণ্ড হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে ইনু-শিরীন সমর্থিত কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, সাংসদ কেন্দ্রীয় সম্মেলনের পর থেকেই নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা পালন করছেন। জাসদের দুই অংশের সঙ্গেই তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। এই প্রেক্ষাপটে জ্যেষ্ঠ সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি করে গতকালের সাধারণ সভা ডাকা হয়। খবর পেয়ে সভা শুরুর আগেই সাংসদ সেখানে যান। তাঁর অবস্থান পরিষ্কার করার দাবি তোলেন ইনু-শিরীন সমর্থিত নেতা-কর্মীরা। তাঁরা বলেন, এখানে সভাপতিত্ব করতে চাইলে তাঁকে আগে জানাতে হবে তিনি ইনু-শিরীন, নাকি আম্বিয়া অংশের সঙ্গে রয়েছেন। এতে সাংসদ ক্ষুব্ধ হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হকের দিকে সাংসদ তেড়ে যান। এ সময় দুজনের হাতাহাতির উপক্রম হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দলীয় সূত্রে জানা গেছে, সাংসদ রেজাউল করিমকে সভাপতি করে ৬ ফেব্রুয়ারি বাসদের জেলা সম্মেলন হয়। এরপর ১১ মার্চ কেন্দ্রীয় সম্মেলনে জাসদ বিভক্ত হয়। ৭১ সদস্যের জেলা কমিটির অধিকাংশ সদস্যই হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশের সমর্থক। কিন্তু সাংসদসহ কয়েকজন নীরব রয়েছেন।

জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ পশারী প্রথম আলোকে বলেন, জেলা কমিটির সভাপতির পদে থেকেও নয় মাস ধরে দলীয় কর্মসূচিতে যোগ দেননি সাংসদ। এ অবস্থায় ২৭ আগস্ট জেলা কমিটির বর্ধিত সভায় জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল হোসেন খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। গতকালের সভায় তাঁর সভাপতিত্ব করার কথা ছিল। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ও একদল বহিরাগত ব্যক্তি নিয়ে সাংসদ দলীয় কার্যালয়ে আসেন। এরপর সভায় তিনি সভাপতিত্ব করতে চান। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে সভা মুলতবি করা হয়।

এমদাদুল হক বলেন, সাংসদের সংগঠনবিরোধী এমন আচরণ রেজুলেশন করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।

সাংসদ রেজাউল করিম বলেন, ‘গঠনতন্ত্র অনুসারে সভাপতি উপস্থিত থাকলে সাধারণ সভায় অন্য কারও সভাপতিত্ব করার এখতিয়ার নেই। তবে বহিরাগত কাউকে সঙ্গে নিয়ে কার্যালয়ে যাইনি। পুলিশ এমনিতেই আমার সঙ্গে থাকে। এর বাইরে উপজেলার কয়েকজন নেতা-কর্মী ছিলেন। আমি বলেছি, সভাপতির অনুমতি ছাড়া কোনো সভা হতে পারে না। এ নিয়ে নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। তবে কারও সঙ্গে ঔদ্ধত্য আচরণ করিনি। আমাকেও কেউ লাঞ্ছিত করেননি।’

এক প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘আমার সমর্থন রয়েছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদের মূলধারার প্রতি। এখনো আমি এ অংশের কেন্দ্রীয় সহসভাপতি।’