সাংসদের স্ত্রী রিজিয়া বাদ পড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীরা। সভায় দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীরা। সভায় দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় l ছবি: প্রথম আলো

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে বাদ দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক শামীমা হারুন কমিটির ৭১ জনের নামের তালিকা প্রকাশ করেন।
গত ২০ ফেব্রুয়ারি নগরের চকবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের পর দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সাধারণ সম্পাদকসহ ১০ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের তৎকালীন জ্যেষ্ঠ সহসভাপতি সাফিয়া খাতুন।
গত ২০ ফেব্রুয়ারি সম্মেলন শেষ হওয়ার পর কমিটির ১০ জনের নাম ঘোষণা করা হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে রিজিয়া রেজা চৌধুরীর নাম ছিল। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। রিজিয়াকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন দলের নেতা-কর্মীরা। তাঁর বাবা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী।
রিজিয়া রেজাকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে নতুন কমিটির সভানেত্রী চেমন আরা তৈয়ব বলেন, ২০ ফেব্রুয়ারি কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানে রিজিয়া রেজার নাম ছিল কি না, তা তাঁর জানা নেই। যাঁরা কমিটিতে আছেন এবং যাঁরা নেই সবাইকে নিয়ে কাজ করবেন তাঁরা।