সাঈদীর প্রতি অবিচার জনগণ মানবে না: শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির বলেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি কোনো অবিচার হলে জনগণ মেনে নেবে না।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা শিবিরের এক শিক্ষা কর্মশালায় এ হুমকি দিয়েছেন।

আবদুল জব্বার বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা সরকারের প্রতিহিংসার শিকার। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এ ধরনের নেতাদেরই প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে সরকার তাঁদের কারারুদ্ধ করে দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে রয়েছে। এই ষড়যন্ত্রের ফলে দেশ আজ দ্রুতগতিতে অবনতির দিকে ধাবিত হচ্ছে।

শিবিরের সভাপতি আরও বলেন, জনগণ অনতিবিলম্বে আওয়ামী সরকারের পতন দেখতে চায়। ইসলামী আন্দোলনের নেতাদের ওপর ধারাবাহিক নির্যাতন ও অপশাসনে আজ মানুষের নাভিশ্বাস উঠেছে। ছাত্রজনতা চূড়ান্ত আন্দোলনের জন্য উন্মুখ হয়ে আছে। এই অবস্থায়ও সরকার যদি গোঁয়ারের মতো আচরণ করতে থাকে, তাহলে আন্দোলনের মাধ্যমেই তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।