সাকাকে নিয়ে বিশেষ ভাবনা নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিয়ে আর বিশেষ কিছু ভাবছে না তাঁর দল বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, তাঁর রায় কার্যকর হলেও এর প্রতিবাদে কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত নেই দলের। সে ধরনের সম্ভাবনাও ক্ষীণ।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, সাকা চৌধুরীর ফাঁসির রায় নিয়ে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া আছে। দলের বড় একটি অংশ সাকা চৌধুরীর রায়কে অনেকটা ‘স্বাভাবিক’ হিসেবেই নিয়েছে। এ অংশের নেতাদের কেউ কেউ মনে করেন, একাত্তরে বিএনপি ছিল না। তাই সাকা চৌধুরীর যুদ্ধাপরাধের দায় কেন বিএনপি নেবে? বিএনপি তাঁর ব্যাপারে যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা যথেষ্ট।
আবার বিএনপির নেতাদের আরেকটি অংশ সাকার রায় নিয়ে আনুষ্ঠানিকভাবে জোরালো প্রতিক্রিয়া না জানানোয় মনঃক্ষুণ্ন হয়েছে। এ অংশটি সাকা চৌধুরীর সমর্থক। দুই পক্ষের নেতাদের কেউই উদ্ধৃত হয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির উচ্চপর্যায়ের একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘এখন আমাদের ইন্নালিল্লাহ পড়া ছাড়া আর কী করার আছে।’
বিএনপির সূত্র জানায়, দলের কেউ কেউ আশা করেছিলেন, হয়তো শেষ পর্যন্ত সাকা চৌধুরীর ফাঁসি হবে না। বড়জোর যাবজ্জীবন কারাদণ্ড হবে। কিন্তু শেষ পর্যন্ত ফাঁসির আদেশ বহাল থাকে। সাকা চৌধুরী দীর্ঘদিন ধরে দলের স্থায়ী কমিটির সদস্য। তাই তাঁর ফাঁসির রায়ের ব্যাপারে একেবারে চুপ থাকা ঠিক হবে না বিবেচনা করে দলের সর্বোচ্চ পর্যায়ের পরামর্শেই গত বৃহস্পতিবার অন্য বিষয়ে সংবাদ সম্মেলন ডেকে সাকা চৌধুরীর রায় সম্পর্কে অনেকটা কৌশলী বক্তব্য দেওয়া হয়। বিএনপি ধরেই নিয়েছিল, সংবাদ সম্মেলনে এলে রায় নিয়ে প্রশ্ন আসবে। সে ক্ষেত্রে রায় নিয়ে সরাসরি কোনো বক্তব্য না দিয়ে রায়ের ‘টেকনিক্যাল’ বিষয় নিয়ে কথা বলার পরামর্শ দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির তিনজন সদস্যসহ মোট সাতজন নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা সাকা চৌধুরীর ফাঁসির রায় নিয়ে উদ্ধৃত হয়ে কথা বলতে রাজি হননি। কেউ কেউ বিব্রত। নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, সালাউদ্দিনের ফাঁসি নিয়ে দলে তেমন কোনো আলোচনা নেই। তাঁর ফাঁসির কোনো প্রভাব দলে পড়বে বলেও তিনি মনে করেন না।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মানবতাবিরোধী বিচার নিয়ে আমাদের দ্বিমত নেই। কথা হলো, বিচার যেন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ না হয়। কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা এবং সরকারের মন্ত্রীরা কাউকে গ্রেপ্তারের আগেই অনর্গল বলছেন, অমুককে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে, ফাঁসি দেওয়া হবে। আপনাদের কাছে প্রশ্ন, তাহলে বিচার কি আদালত করে, না সরকার করে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে সাকা চৌধুরীর মামলার রায়ের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল। তখন বক্তব্য ছিল লিখিত। কিন্তু রিভিউর রায়ের পর বিএনপি প্রতিক্রিয়া জানায় অনেকটা কৌশলে।