সাকার ফাঁসির রায়কে ঐতিহাসিক বলল আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি।
জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকায় এ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
নানক বলেন, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় সুপ্রিম কোর্ট বহাল রাখায় জনগণের দীর্ঘ দিনের আশা পূরণ হয়েছে। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। দেশের মানুষ দীর্ঘদিন এই রায়ের অপেক্ষা করেছিল। এ রায়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের আত্মা শান্তি পেয়েছে। একই সঙ্গে শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার সান্ত্বনা ও স্বস্তি পাবে। সাকা চৌধুরীর বিরুদ্ধে এ যুদ্ধাপরাধী মামলার সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও কৌঁসুলিদের ধন্যবাদ জানান।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, খালেদা-তারেক, বিএনপি-জামায়াত, শিবির যতই সহিংসতা, নাশকতা ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাক না কেন মানবতাবিরোধী অপরাধীদের বিচার বাংলার মাটিতেই সম্পন্ন হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপি যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়। সাকার মতো একজন হিংস্র মানুষ বিএনপিতে আসার সুযোগ পায়। তাই বিএনপি নামের দলটি মুক্তিযুদ্ধপ্রিয় জনগণ থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের কাছে জনগণ বেশি কিছু আশা করে না।

সংবাদ সম্মেলনের শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।