সাকার রায় নিয়ে চুপ বিএনপি
একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় নিয়ে তাঁর দল বিএনপি গতকাল বুধবার পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে গতকাল যোগাযোগের চেষ্টা করে দলটির জ্যেষ্ঠ নেতাদের যাঁরা রাজনীতিতে সক্রিয় আছেন, তাঁদের অনেকের সচরাচর ব্যবহার করা মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। রায়ের কপি দেখে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হতে পারে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার পৃথক আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এতে দুজনেরই ফাঁসির আদেশ বহাল থাকছে।
মুজাহিদের রায়ের প্রতিক্রিয়ায় ইতিমধ্যে হরতাল ঘোষণা করেছে জামায়াত। এখন পর্যন্ত চুপচাপ আছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুই মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে গতকাল প্রথম আলোর পক্ষ থেকে বিএনপির নেতা মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান ও আসাদুজ্জামান রিপনের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে একজন ছাড়া সবার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল একজন নেতা বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা গতকাল নিজেদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে আলাপ-আলোচনা করছেন। হয়তো রায়ের কপি দেখে কী প্রতিক্রিয়া দেওয়া উচিত, তা ঠিক করা হবে। আবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না-ও জানানো হতে পারে। তিনি বলেন, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তিনি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন, কিন্তু সিদ্ধান্ত পাননি।
সাকা চৌধুরী এখন পর্যন্ত বিএনপির পদধারী একমাত্র নেতা, যাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা হলো। এর বাইরে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সাজা হয়েছে, আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে। বিএনপি বরাবরই জামায়াত নেতাদের রায় নিয়ে চুপ ছিল।
অবশ্য সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ২০১৩ সালের ২ অক্টোবর প্রথম মুখ খুলেছিল বিএনপি। সে সময় প্রতিক্রিয়া জানিয়ে সারা দেশে বিক্ষোভের কর্মসূচিও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে গত ২৯ জুলাই আপিল বিভাগের রায় প্রকাশের পর ওই দিন বিকেলেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি।
তখন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘অন্যায্যভাবে’ মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে মনে করে বিএনপি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ‘রিভিউতে’ তিনি ন্যায়বিচার পাবেন বলে বিএনপি আশা প্রকাশ করেছিল।