সাকার রায়: বিকেলে প্রতিক্রিয়া জানাতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগের রায় নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। বিকেলের দিকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে দলটি। দলটির সূত্র জানিয়েছে, প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত, তা নিয়ে দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা আলোচনা করছেন।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজ বুধবার সকালে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর মৃতুদণ্ডাদেশ দিয়েছিলেন। সে রায়ের পর প্রতিক্রিয়ায় বিএনপি বলেছিল, সালাউদ্দিন কাদের ন্যায় বিচার পাননি।
বিএনপির সূত্র জানায়, এবারও দলটি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানোর পক্ষে। দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বক্তব্য কেমন হওয়া উচিত, তা ঠিক করছেন। বিকেল তিনটার পর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হতে পারে।
সালাউদ্দিন কাদের চৌধুরী এখন পর্যন্ত বিএনপির পদধারী একমাত্র নেতা যাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা হলো। এর বাইরে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সাজা হয়েছে, কারও কারও সাজা কার্যকরও হয়েছে। বিএনপি বরাবরাই রায় নিয়ে চুপ ছিল। দলের স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর রায়ের পর প্রথম আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছিল বিএনপি।
২০১৩ সালের ২ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেন, ‘এ রায়ে আমরা বিস্মিত হয়েছি। এই ট্রাইব্যুনাল গঠন ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি সব সময় স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারের পক্ষে। কিন্তু প্রমাণ হয়েছে, এই বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্রে লিপ্ত।’
রায়ের প্রতিক্রিয়া জানিয়ে পরদিন ৩ অক্টোবর রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছিল বিএনপি। এর অংশ হিসেবে ‘রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা এবং সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছিল বিএনপি।
ওই সমাবেশে মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জমির উদ্দীন সরকারসহ অনেকে এই রায়ের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদেরও সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। বিএনপির প্রতিক্রিয়াকে ‘রায়’ উল্লেখ করে তিনি বলেন, ‘এরপর ফাঁসি হলেও আমাদের দুঃখ থাকবে না।’