সাকার রায়ে এখন পর্যন্ত চুপ বিএনপি
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। রায়ের পর প্রায় ছয় ঘণ্টা পর দলের একাধিক নেতার সঙ্গে আলাপ করা হলেও তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারে তাঁদের কাছে কোনো নির্দেশনা নেই বলেও তাঁরা প্রথম আলোকে জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ নেতারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। রায়ের কপি দেখে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হতে পারে। তবে তা আজ হওয়ার সম্ভাবনা কম। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি।
একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার পৃথক আবেদন আজ বুধবার খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। এতে দুজনেরই ফাঁসির আদেশ বহাল থাকল।
মুজাহিদের রায়ের প্রতিক্রিয়ায় ইতিমধ্যে হরতাল ঘোষণা করেছে জামায়াত। তবে এখন পর্যন্ত চুপচাপ আছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া অবস্থান করছেন লন্ডনে। ভারপ্রাপ্ত মহাসচিব কারাগারে। দলটির জ্যেষ্ঠ নেতাদের যাঁরা রাজনীতিতে সক্রিয় আছেন, তাঁদের অনেকে সচরাচর যে মোবাইল নম্বর ব্যবহার করেন, সেগুলো বন্ধ পাওয়া গেছে। কয়েকজন এ রায় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিএনপি সূত্র জানায়, আজ দলের পক্ষ থেকে রায়ের প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা কম। দলের কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যম সারির একাধিক নেতা দলের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা কোনো নির্দেশনা পাননি।
নাম প্রকাশ না করার শর্তে দলের দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে আজ প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছেন। রায়ের কপি দেখে কী প্রতিক্রিয়া দেওয়া উচিত—তা ঠিক করা হবে। আবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না-ও জানানো হতে পারে।
সাকা চৌধুরী এখন পর্যন্ত বিএনপির পদধারী একমাত্র নেতা, যাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা হলো। এর বাইরে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সাজা হয়েছে, দুজনের মৃত্যুদণ্ড ও সাজা কার্যকরও হয়েছে। বিএনপি বরাবরই জামায়াত নেতাদের রায় নিয়ে চুপ ছিল। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ২০১৩ সালের ২ অক্টোবর প্রথম আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছিল বিএনপি। এ সময় প্রতিক্রিয়া জানিয়ে সারা দেশে বিক্ষোভও দিয়েছিল বিএনপি। পরবর্তীতে গত ২৯ জুলাই আপিল বিভাগের রায় প্রকাশের পর ওই দিন বিকেলেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি।
এ সময় বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছিলেন, সালাউদ্দিনকে ‘অন্যায্যভাবে’ মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে মনে করে বিএনপি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রিভিউতে তিনি ন্যায় বিচার পাবেন বলে তাঁরা আশা করছেন।