সাখাওয়াতের ২৫ দফা নির্বাচনী ইশতেহার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দুই দিন আগে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। গতকাল সোমবার তিনি ২৫ দফা ইশতেহার ঘোষণা করেন।
বেলা তিনটার দিকে শহরের শায়েস্তা খান রোডে নিজের নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করেন সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে রূপান্তরিত হলেও যে হারে উন্নয়ন হওয়ার কথা ছিল বাস্তবে তা ঘটেনি, বরং উন্নয়ন হয়েছে কতিপয় ব্যক্তির। উন্নয়নের নামে বিশাল অঙ্কের টাকা ব্যয় হলেও নাগরিক সুবিধার তেমন পরিবর্তন ঘটেনি। সুষ্ঠু পরিকল্পনার অভাবে এখানে চলছে হরিলুট আর ভাঙাগড়ার খেলা।
সাখাওয়াত হোসেনের ইশতেহারে উল্লেখযোগ্য হলো, সিটি করপোরেশন পরিচালনার জন্য দলমত-নির্বিশেষে সব ধর্ম, বর্ণ ও পেশার লোকদের সমন্বয়ে উপদেষ্টা কাউন্সিল গঠন, শীতলক্ষ্যা সেতুর বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সব ধরনের কর থেকে অব্যাহতি এবং সিটি করপোরেশনের অর্থে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিটি ওয়ার্ডে কম্পিউটার প্রযুক্তিসহ আধুনিক পাঠাগার নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনকল্পে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বোট খাল, গোয়ালিয়া খাল, হীরালাল খালসহ বন্দরের ৩৫টি খাল পুনরুদ্ধার ও খনন করা এবং মাস্টারপ্ল্যানের মাধ্যমে ড্রেনেজ-ব্যবস্থার আধুনিকায়ন করা।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির ও শামা ওবায়েদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির মেয়র পদপ্রার্থী রাশেদ ফেরদৌস উপস্থিত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং সাখাওয়াতের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, এখন থেকে ধানের শীষের পক্ষে প্রচার কাজে যোগ দেবেন। গত শনিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া এলডিপির প্রার্থী কামাল প্রধানও এ সময় সাখাওয়াতের হাতে ধানের শীষ তুলে দিয়ে শুভেচ্ছা জানান।