সাজা হলেও নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তাঁদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেও তিনি নির্বাচন করতে পারবেন। দেশে আর কোনো দিন একদলীয় নির্বাচন হবে না।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। বিএনপি জোটের শরিক দল লেবার পার্টি পিলখানা ট্র্যাজেডি স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে।
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার চলছে। বিএনপির নেতারা অভিযোগ করে আসছেন, মামলায় সাজা দিয়ে সরকার খালেদা জিয়াকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে চায়।
এই প্রেক্ষাপটে মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার শাস্তি হলে নির্বাচন করতে পারবেন না, এটা ঠিক নয়। তিনি বলেন, ‘ধরে নিলাম মিথ্যা মামলায় একটি রায়ে তাঁর (খালেদা জিয়া) সাজা হয়ে গেল। ভালো কথা, আমরা আপিল ফাইল করব। আপিলটা হলো কনটিনিউশন অব দ্য প্রসিডিংস। অর্থাৎ, যে বিচার হয়েছে, এটা হলো সে বিচারের ধারাবাহিকতা। তখন আমরা তাঁর জন্য ইনশা আল্লাহ জামিন নেব। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।’
মওদুদ বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আলাপ-আলোচনা, সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন করতে চায়। তা সম্ভব না হলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প থাকবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।