সাজাপ্রাপ্তরা মন্ত্রী থাকলে বিচার বিভাগের মান ক্ষুণ্ন হবে: বিএনপি
আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটি বলেছে, সাজাপ্রাপ্ত মন্ত্রী দিয়ে মন্ত্রিপরিষদ চালানো হলে আইনের শাসন বাধাগ্রস্ত হবে এবং বিচার বিভাগের মান ক্ষুণ্ন হবে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি জানান। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার তারিখ থেকে (২৭ মার্চ) দুই মন্ত্রীর সই করা সব আদেশ বাতিলেরও দাবি জানানো হয়।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘মন্ত্রীরা পাবলিক সার্ভেন্ট। একজন মন্ত্রী শুধু দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন, কোনো দলের নয়। তাই পাবলিক সার্ভেন্ট অধ্যাদেশ ১৯৮৫-এর ধারা ৩(১) অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তাঁরা পদচ্যুত হবেন। কারণ, ফৌজদারি মামলায় কোনো পাবলিক সার্ভেন্ট আদালত কর্তৃক ১০ হাজার টাকার বেশি জরিমানা হলে তিনি স্বপদে বহাল থাকতে পারেন না।’
মওদুদ আহমদ বলেন, এ বিষয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ের কেউ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। সে কারণেই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
প্রয়াত সাইফুর রহমানের জন্য দোয়া: গতকাল বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।