সাজেদা-পুত্রকে রাজনীতি থেকে অপসারণের দাবি
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরীকে স্থানীয় রাজনীতি থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) পুলিশের পাঁচ কর্মকর্তার বদলি দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে ‘সালথা উপজেলা আওয়ামী লীগের নির্যাতিত নেতা-কর্মী ও সমর্থক’-এর পক্ষ থেকে এ সম্মেলন করা হয়।
আয়মন আকবর ফরিদপুর-২ আসনের সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে। তিনি সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব ও রাজনৈতিক প্রতিনিধি। এ ছাড়া সালথা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, সৈয়দা সাজেদা চৌধুরী ২০০৯ সালে আয়মন আকবরকে তাঁর রাজনৈতিক প্রতিনিধি হিসেবে বিভিন্ন জনসভায় পরিচয় করিয়ে দেন। কিছুদিন পরই আয়মন ‘সন্ত্রাসী বাহিনী’ গঠন করেন। শারীরিকভাবে নির্যাতন, বসতবাড়িতে হামলা, হয়রানি, চাঁদাবাজিসহ নানা অত্যাচার শুরু করেন। চাঁদাবাজি ও নির্যাতনের শিকার হয়ে পাঁচ শতাধিক ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছেন। লিখিত বক্তব্যে আয়মানকে ফরিদপুর-২ আসনের রাজনীতি থেকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভাঙ্গা সার্কেলের এএসপি মো. সামচুল হক ও সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন, সালথা থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন, মনির হোসেন ও মোশাররফ হোসেনেকে বদলির দাবি জানানো হয়।
এসব বিষয়ে বক্তব্য জানতে আয়মন আকবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর সমর্থক সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান বলেন, আয়মন আকবরের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। এএসপি বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।’ ওসি বলেন, ‘আমরা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হইনি।’