সাটুরিয়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছ। উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠন করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং দলীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি উপজেলার বালিয়াটি, দরগ্রাম ও ধানকোড়া ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন খানের অনুসারীরা বিভিন্ন পদ পান। এর ফলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলার অনুসারীরা কাঙ্ক্ষিত পদ থেকে বঞ্চিত হন। এ নিয়ে তানভীর ও গোলাম মওলার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
এদিকে সাধারণ সম্পাদকের সই জাল করে সংগঠনের প্যাড ব্যবহার করার অভিযোগে গত বুধবার তানভীরের বিরুদ্ধে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মওলা। বিষয়টি জানতে পেরে গতকাল দ্বন্দ্ব নিরসনে উভয় পক্ষকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা ডাকবাংলোতে আলোচনায় বসেন। বিকেল পাঁচটার দিকে গোলাম মওলা ব্যবসায়িক কাজে উপজেলার কান্দাপাড়া শিমুলতলী যান। এ সময় তানভীরের অনুসারী নেতা-কর্মীরা মওলাকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে মওলার অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা তানভীরের বিচার চেয়ে উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের সামনেই তানভীরের কয়েকজন অনুসারীকে মারধর করেন। তখন ধাওয়া খেয়ে তানভীরের অনুসারীরা চলে যান।
এর কিছুক্ষণ পর সাটুরিয়া বাজার এলাকায় তানভীরের অনুসারী নেতা-কর্মী মওলার অনুসারী নেতা-কর্মীদের ধাওয়া করেন। এরপর পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত লোকজন বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে কথা বলতে রাত নয়টার দিকে তানভীর হোসেন খান ও গোলাম মওলার মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন বলেন, দ্বন্দ্ব নিরসনে গতকাল দুপুরে দুই পক্ষকে নিয়ে মীমাংসা করা হয়। কিন্তু বিকেলেই ছাত্রলীগের নেতা মওলাকে মারধর করাটা দুঃখজনক। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ইউনিয়ন কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে। তবে পরিস্থিত শান্ত রয়েছে।