পিরোজপুরের তিনটি উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৪ জুন। এর মধ্যে দুটি ইউপিতে বিএনপির প্রার্থী নেই। বাকি পাঁচটি ইউপির মধ্যে একমাত্র সিকদার মল্লিক ইউপিতে বিএনপির প্রার্থী জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।
তবে সব কটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা সরব রয়েছেন। এ ছাড়া জিয়ানগর উপজেলার দুটি ইউপিতে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের দল জাতীয় পার্টির (জেপি) প্রার্থীরাও জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক, দুর্গাপুর ও শংকরপাশা ইউনিয়ন; নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ও দীর্ঘা ইউনিয়ন এবং জিয়ানগর উপজেলার পত্তাশী ও পাড়েরহাট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। শংকরপাশায় আওয়ামী লীগের প্রার্থী তোফাজ্জল হোসেন মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে শুধু সিকদার মল্লিক ইউপিতে বিএনপির প্রার্থী রয়েছেন। এ ইউপির নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান (চান) প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধা ও হামলার কারণে শেষ মুহূর্তে কোণঠাসা হয়ে পড়েছেন। মো. কামরুজ্জামান অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ও তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতিতে আমার সমর্থকেরা প্রচারণা চালাতে পারছে না। বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।’
শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কামরুজ্জামান পাঁচ বছর চেয়ারম্যান থাকায় তাঁর কাজে এলাকার অনেক মানুষ ক্ষুব্ধ রয়েছেন। ক্ষুব্ধ লোকজনই এসব কাজ করছেন। আমি কেন এসব করতে যাব।’
নাম প্রকাশ না করার শর্তে নাজিরপুরের ছাত্রদলের সাবেক এক নেতা বলেন, শ্রীরামকাঠি ও দীর্ঘা ইউপির নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো নয়।
শ্রীরামকাঠি ইউপির বিএনপির প্রার্থী মোতাহার হোসেন মোল্লা বলেন, ‘প্রচারণা চালাচ্ছি না, তা নয়। আসলে আমি ও আওয়ামী লীগের প্রার্থী দুজনেই তেমন একটা মাইকিং করাচ্ছি না।’
দীর্ঘা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ বলেন, ‘আমি প্রচারণা চালাচ্ছি।’
জিয়ানগরের পত্তাশী ইউপির বিএনপির প্রার্থী আবদুল লতিফ হাওলাদার ও পাড়েরহাট ইউপির বিএনপির প্রার্থী নিজামুল হক তালুকদার বলেন, তাঁরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পিরোজপুর সদর থানার ওসি এস এম মাসুদ উজ্জামান বলেন, সিকদার মল্লিক এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে।