সাত জেলায় সহিংসতায় আহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও একই দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩৭ জন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সাতটি জেলার ১২টি স্থানে সংঘর্ষ, বাড়িঘর-দোকানপাট, যানবাহন ভাঙচুরসহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে।
গত ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৯৯ জন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ খানের প্রচারণায় হামলা চালিয়ে পাঁচজনকে মারধর ও পাঁচটি মাইক্রোবাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ইউসুফ খান সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় বলসুতা গ্রামে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন লিটনের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালান। পরে গতকাল সকালে তাঁরা হিজলা গ্রামে আরেক দফা হামলা চালান।
তবে সালাহউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে বল্লভদী ইউনিয়নের মাদ্রাসা মাঠ এলাকায় এ সংঘর্ষ হয়। শনিবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মো. নূরুল ইসলাম মিয়া। এ উপলক্ষে গতকাল দুপুরে আনন্দ মিছিল ও ভোজের আয়োজন করেন তিনি। আনন্দ মিছিলে রং ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ছাড়া নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের বাঙ্গালকান্দা এলাকায় সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থী কাজী আবুল কালামের সমর্থকেরা বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. বদরুজ্জামান মোল্লার ভাইসহ দুজনকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।
নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমানের সমর্থকেরা সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমানের দুজন সমর্থকের বাড়ি ও একজনের ওষুধের দোকানে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়ে ভাঙচুর করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল হান্নানের একজন সমর্থককে পিটিয়েছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী সুলেমান মিয়া। আবদুল হান্নান সুলেমানের বড় ভাই। গতকাল ইসলামপুর ইউনিয়নের পশ্চিম লাইন শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহের গাড়িতে হামলা করেছেন দলটির প্রার্থী ওচমান আলীর সমর্থকেরা। হামলায় পাঁচজন আহত হন। সোমবার রাতে কেঁওচিয়ার দস্তিদার হাট এলাকায় এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের তেমুহানি এলাকায় আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মনির আহমদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। একই রাতে এওচিয়া ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের গাড়ি লক্ষ্য করে পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকায় গুলি ছোড়ে প্রতিপক্ষ। এ ঘটনায় নুরুল আলম নামের একজনকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুরে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় বিজয়ী সদস্য প্রার্থী শুকলাল সরকারের তিন কর্মী আহত হয়েছেন। হাতীবান্ধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরাজিত প্রার্থী সুকুমার সরকারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নরসিংদীর মনোহরদীর কাঁচিকাটা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের ওপর সোমবার রাতে রুদরদি নতুন বাজার এলাকায় বিএনপির প্রার্থী সামসুজ্জামানের সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।