সাত দফার ভিত্তিতেই আলোচনা চেয়েছি: ফখরুল
>

রাজনীতি এখন সংলাপকেন্দ্রিক। আজকের সংলাপ নিয়ে প্রথম আলো কথা বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে।
প্রথম আলো: হঠাৎ করেই সংলাপের ডাক পেলেন, আশা করেছিলেন?
মির্জা ফখরুল ইসলাম: আমরা তো প্রথম থেকেই বিরোধী দলের সঙ্গে, বিশেষ করে আমাদের সঙ্গে সংলাপের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছিলাম। এমনকি ২০১৪ সালের আগেও আমরা সংলাপের আহ্বান জানিয়েছিলাম। তখন সংলাপের ব্যবস্থা একটা হয়েছিল শেষের দিকে, তা-ও আবার জাতিসংঘের অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তির (জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো) তত্ত্বাবধানে। সেটা এমন সময়ে হয়েছে, যখন আর কিছু করার ছিল না। এবারও সংলাপের ডাকটা এল একেবারে শেষ মুহূর্তে। তফসিল ঘোষণার মাত্র কয়েক দিন বাকি আছে।
প্রথম আলো: সংলাপের সফলতার ব্যাপারে কতটা আশাবাদী।
মির্জা ফখরুল ইসলাম: তখনো (২০১৪ সালে) একই অবস্থা ঘটেছিল যে শেষ মুহূর্তে যখন সংলাপ আয়োজন করা হয়, তখন কিন্তু সেটার ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে, সে প্রশ্ন থেকেই যায়। এটা কতটুকু আন্তরিকতার সঙ্গে করা হয়েছে, সে বিষয়ে অবশ্যই জনগণের একটা প্রশ্ন থাকবে। তারপরও সংলাপের আহ্বান এসেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংলাপে অংশগ্রহণ করব। আমাদের সাত দফা দাবি আছে। এই সাত দফার ভিত্তিতেই কিন্তু আমরা আলোচনাটা চেয়েছি।
প্রথম আলো: নিকট অতীতে কোনো সংলাপই সফল হয়নি। এবার কী আশায় যাচ্ছেন?
মির্জা ফখরুল ইসলাম: গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক ব্যবস্থায় সংলাপ একটি অত্যন্ত জরুরি ব্যাপার। গণতান্ত্রিক দল হিসেবে আমরা সব সময় সেটাই চেয়েছি। এটা মূল লক্ষ্য আমাদের। যেকোনো বিষয়ে সংকট আসতে পারে। এর সমাধান হতে পারে একমাত্র আলোচনার মাধ্যমে। একতরফাভাবে চাপিয়ে দেওয়াটাই হচ্ছে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা।
প্রথম আলো: একটু আগে মানববন্ধন কর্মসূচিতে আপনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের সাত দফা পুরোপুরি মানতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংবিধানসম্মত’ বিষয়ে আলোচনার জন্য তাঁর দ্বার উন্মুক্ত। দুটো বিষয় তো পরস্পর বিপরীত।
মির্জা ফখরুল ইসলাম: আমি মনে করি না বিপরীত। আমি মনে করি, সংবিধান তো একেবারে বাইবেল বা ধর্মগ্রন্থ নয় যে এটি কোনো পরিবর্তন করা যাবে না। এই যে বলা হয়, সংবিধানে নেই, এটা ভুল। আমরাই তো বদলিয়েছি সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের জন্য। পনেরোবার ইতিমধ্যে সংবিধান পরিবর্তন হয়ে গেছে এই বাংলাদেশে। সুতরাং এটা কোনো যুক্তি না। যদি সমঝোতা হয়, নিঃসন্দেহে বদলানো যাবে। ড. কামাল হোসেন গতকালও বলেছেন, এক মিনিটেই পরিবর্তন করা যাবে, যদি আমরা চাই। একানব্বই সালে যেভাবে (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) করা হয়েছিল, তা কি সংবিধানে ছিল?
প্রথম আলো: আপনারা সংলাপের ডাক পেলেন, এখন অন্যরা সংলাপের জন্য চিঠি দিচ্ছে। এটা কি প্রলম্বিত করার প্রক্রিয়া?
মির্জা ফখরুল ইসলাম: এটা আমি বলতে পারব না। তবে এটুকু বোঝা যায় যে আসলে সমস্যাটা বোধ হয় আস্থার। তাই প্রশ্ন আসাটা স্বাভাবিক যে এটাকে প্রলম্বিত করার জন্য বা মূল জায়গা থেকে সরে যাওয়ার জন্য এটা করা হচ্ছে কি না। আমি বলব, সরকার যদি আন্তরিক হয়, উচিত হবে আলোচনার ভিত্তিতে মৌলিক প্রশ্নগুলোর সমাধান করে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।
প্রথম আলো: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। এ পরিস্থিতিতে বিএনপির চিন্তা কী?
মির্জা ফখরুল ইসলাম: অ্যাটর্নি জেনারেল তা বলতেই পারেন। তিনি তো সরকারের বক্তব্যই বলেন এবং তাদের প্রয়োজনটাই তিনি মেটান। দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী। তাঁকে নির্বাচন থেকে অযোগ্য করার জন্য তাদের যে অপচেষ্টা, তা সফল হবে না।
প্রথম আলো: নির্বাচন খুবই সন্নিকটে। বিএনপির ভাবনা এখনো অস্পষ্ট। নির্বাচন না আন্দোলন।
মির্জা ফখরুল ইসলাম: আমরা সাত দফা দাবি দিয়েছি। এটা কি আন্দোলনের বাইরে? জনসভা করছি, আজকেও মানববন্ধন করলাম। আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। আন্দোলন মানে তো এই না যে সব সময় হরতাল, অবরোধ দিয়ে দিতে হবে। আন্দোলন বলতে সব সময় তা বোঝায় না।
প্রথম আলো: নির্বাচন?
মির্জা ফখরুল ইসলাম: নির্বাচন তো আছে। আমাদের দাবিগুলো পূরণ হলে নির্বাচনের পরিবেশ তৈরি হলে আমরা নির্বাচনে যাব। বেগম জিয়ার মুক্তি ছাড়া এখন কোনো প্রশ্নই উঠবে না নির্বাচনের।
সাক্ষাৎকার নিয়েছেন সেলিম জাহিদ।
(গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে)