সাত দিনে তিন নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ত ম শহিদুজ্জামান ওরফে নাসিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ কমিটির ‘বিষয়ভিত্তিক’ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের বিষয়টি গতকাল শুক্রবার পাবনা জেলা কমিটিকে জানানো হয়েছে।
একই কারণে মাত্র সাত দিন আগে উপজেলা যুবলীগের কমিটি বাতিল এবং যুবলীগের সভাপতি আবদুস সালাম খান ও ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়। উপজেলা যুবলীগের বর্ধিত সভায় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (এমপি) ৬ আগস্ট এ ঘোষণা দেন।
ঈশ্বরদী উপজেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিশেষ সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, আকরাম হোসেন প্রমুখ। সভায় কমিটির সব সদস্য অভিযোগ করেন, শহিদুজ্জামান নাসিম গত ১৪ জুলাই পৌর আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী পথসভায় উপজেলা কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ১৭ জুলাই ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনেও তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য দেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ১৪ ও ১৬ জুলাই আওয়ামী লীগের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মিছিলে বোমা, গুলিবর্ষণ ও দলীয় কার্যালয়ে হামলায় উসকানি দেওয়ার অভিযোগ করেন বক্তারা। এর পরই শহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শহিদুজ্জামান নাসিমের কাছে জানতে চাইলে তিনি বহিষ্কারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।