তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে সাত নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন দলের অপর অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা এ কথা বলেন।
গত শুক্রবার ইনু-শিরীনের নেতৃত্বাধীন জাসদ থেকে শরীফ নুরুল আম্বিয়া, মইন উদ্দীন খান বাদল, নাজমুল হক প্রধান, ইন্দু নন্দন দত্ত, মঞ্জুর আহমেদ, করিম সিকদার ও ডা. মুশতাক হোসেনকে দলে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে পদপদবি ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই বহিষ্কারের সমালোচনা করে বিবৃতিতে গতকাল বলা হয়, এ ধরনের অব্যাহতি দেওয়ার ঘটনায় তাঁরা অবাক হয়েছেন, বিরক্ত বোধ করছেন। ইনু-শিরীনের নেতৃত্বাধীন জাসদকে খণ্ডিত অংশ দাবি করে আরও বলা হয়, ওই অংশটি রাজনৈতিক শিষ্টাচারের ব্যত্যয় ঘটিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইনু-শিরীন কমিটিকে অবৈধ ঘোষণা করার পর এই সাত নেতাকে কমিটিতে নেওয়া বা বহিষ্কার করার কোনো যুক্তি থাকতে পারে না।