টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির কার্যক্রম সাত বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। উপজেলায় বিএনপির দুটি পক্ষ আছে। এদিকে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতারা হতাশ হয়ে পড়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন ২০০৯ সালের ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী সরাসরি ভোটে আহ্বায়ক নির্বাচিত হন। ছয়জন যুগ্ম আহ্বায়ককেও ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। পরে ৬৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ছালাম বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সম্মেলন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই উপজেলা বিএনপির সম্মেলন আয়োজন করা হবে।
২০০৯ সালের সম্মেলনে উপজেলা বিএনপির বিদায়ী সভাপতি হাবিবুর রহমান খানের সঙ্গে গৌতম চক্রবর্তী ও তাঁর অনুসারীদের বিরোধ হয়। এই বিরোধকে কেন্দ্র করে হাবিবুর রহমান খান তাঁর অনুসারীদের নিয়ে পৃথক কার্যালয় খোলেন। তাঁকে সমর্থন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি রবিউল আওয়াল। গত বছর হাবিবুর রহমান মারা গেলে তাঁর সমর্থকেরা এখন রবিউল আওয়ালের নেতৃত্বে সক্রিয়। দুটি পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে।
এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির আহ্বায়ক গৌতম চক্রবর্তী বলেন, আন্দোলন এবং উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে আহ্বায়ক কমিটির নেতৃত্বে আন্দোলন ও নির্বাচনে ভালো ফল পাওয়া গেছে। উপজেলা পরিষদে চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান এবং পাঁচটি ইউনিয়নে দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে গন্ডগোলহতে পারে—এই আশঙ্কায় আহ্বায়ক কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেননি। ফলে পদ পেতে ইচ্ছুক নেতারা হতাশ হয়ে পড়েছেন। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রবিউল আওয়াল বলেন, দীর্ঘদিন সম্মেলন না করে ‘পকেট কমিটি’ দিয়ে দল চালানো হচ্ছে। দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন হচ্ছে না। এ বিষয়টি কেন্দ্র ও জেলা কমিটির কাছে জানানো হয়েছে।
দীর্ঘদিন সম্মেলন না হওয়া প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম বলেন, ২৯ ডিসেম্বর জেলা বিএনপির প্রতিনিধি সভা। সেই সভার আগে সব উপজেলা কমিটির সম্মেলন শেষ করতে বলা হয়েছে।