সাত বছর পর সম্মেলন ছাড়াই রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একটি পক্ষ এই কমিটি গঠনপ্রক্রিয়াকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করলেও অপর পক্ষ দাবি করেছে, একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ ২০১০ সালে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।
দলীয় সূত্রে জানা যায়, সাত বছর পর গত বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজজোহা সরকার স্বাক্ষরিত কমিটি গঠনসংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি ওই দিন রাতে রাজশাহীর স্থানীয় একাধিক পত্রিকার কার্যালয়ে পাঠানো হয়। কমিটিতে ডি এম জিয়াউর রহমানকে সভাপতি, আবদুস সোবহানকে সাধারণ সম্পাদক ও ইউসুফ আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপির একটি অংশ নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মণ্ডল বলেন, সম্মেলন ছাড়াই দলীয় গঠনতন্ত্র তোয়াক্কা না করে নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, উপজেলা কমিটি গঠনের আগে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। এরপর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার বিধান থাকলেও তা মানা হয়নি। ঘরে বসে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি এই কমিটিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন এবং কমিটি প্রত্যাখ্যান করেছেন।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ আবদুল গফুর বলেন, এই কমিটি গঠনে দলীয় গঠনতন্ত্র মানা হয়নি। তিনি কিছুই জানতেন না। শুক্রবার স্থানীয় একটি পত্রিকার মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি অভিযোগ করেন, উপজেলার সব কটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়নি। ১৬টি ইউনিয়নের মধ্যে ৮টির কমিটি গঠন করা হলেও সেগুলো নিয়ে অভিযোগ রয়েছে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই কমিটি গঠন করা হয়েছে। পরে তা জেলা কমিটি অনুমোদন দিয়েছে। সম্মেলন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ তাঁদের কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তাই সম্মেলন করা সম্ভব হয়নি। তবে বিএনপির আগের একাধিক কমিটিও এভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করা হয়েছে।
এদিকে নতুন কমিটি গঠনের পর স্থানীয় বিএনপির একটি অংশে ক্ষোভ ও অপর অংশে উৎসাহ দেখা দিয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। সাধারণ সম্পাদক মতিউর রহমান দেশের বাইরে থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজজোহা সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামত নিয়ে নতুন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, নতুন কমিটি অগণতান্ত্রিকভাবে গঠন করা হলে আগের কমিটিও তো অগণতান্ত্রিক ছিল। তখন কেন তাঁরা পদত্যাগ না করে দায়িত্ব পালন করলেন।