সাত বছর পর পৃথক সম্মেলন, দুই কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর কুষ্টিয়া শহর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। তবে দুই পক্ষ পৃথকভাবে সম্মেলন করেছে। কমিটিও হয়েছে দুটি।
উভয় পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালের ২৩ নভেম্বর কুষ্টিয়া শহর বিএনপির সম্মেলন হয়েছিল। তাতে হেলাল উদ্দীনকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কয়েক বছর আগে নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাধারণ সম্পাদক কুতুব; অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সহসভাপতি আতাহার হোসেন ও জালাল উদ্দিন। সভাপতি হেলাল বেশ আগে দল থেকে অব্যাহতি নিয়েছেন।
উভয় পক্ষই গত ২৯ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক সম্মেলন আহ্বান করে। কিন্তু একই স্থানে সম্মেলন ডাকায় কোনো পক্ষই তখন সম্মেলন করতে পারেনি। গতকাল সকালে কুতুব উদ্দিনের পক্ষ শহরের টাউন হলে সম্মেলন করতে যায়। অন্যদিকে আতাহার-জালাল পক্ষ যায় শহরের ল কলেজে। কিন্তু উভয় পক্ষকেই পুলিশ বাধা দেয়। পরে কুতুব উদ্দিন পক্ষ শহরের মজমপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনের বাড়িতে ও আতাহার-জালাল পক্ষ এনএস রোডে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সম্মেলন করে।
জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শহর বিএনপির সহসভাপতি আতাহার হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শামীম আরজু। তিনি প্রথম আলোকে বলেন, সম্মেলনে শহর বিএনপির ছয়টি পদের বিপরীতে নাম ঘোষণা করা হয়। সভাপতি করা হয় কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আড়ুয়াপাড়ার কাউন্সিলর মহিউদ্দীন চৌধুরী মিলনকে; সাধারণ সম্পাদক হয়েছেন কাজল মাজমাদার। পৃথক কমিটির বিষয়ে শামীম আরজু বলেন, কুতুব উদ্দিন দীর্ঘ ২৬ বছর ধরে শহর কমিটিতে রয়েছেন। নেতা-কর্মীদের বড় অংশ তাঁকে বাদ দেওয়ার কথা বলেছিলেন। সেটা করা হয়নি।
জেলা বিএনপির নেতা সোহরাব উদ্দীনের বাড়িতে অনুষ্ঠিত অপর পক্ষের সম্মেলনে কুতুব উদ্দিনকে সভাপতি এবং এ কে বিশ্বাস বাবুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কুতুব প্রথম আলোকে বলেন, ১০-১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।
এ পক্ষের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। দুই পক্ষকে এক মঞ্চে এনে কেন সম্মেলন করতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, পৌর বিএনপির কয়েকজন নেতা-কর্মী দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে পৃথক সম্মেলন করেছেন। তাঁদের সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যে বিষয়টি ঠিক করা হবে।