সাত বছর পর সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাত বছর পর নোয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হবে আজ শুক্রবার। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
বেলা দুইটায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন শুরু হবে।
দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও হচ্ছে ছয় বছর দশ মাস পর।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ সম্মেলনে সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান সভাপতি, হারুনুর রশিদ আজাদ সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলে মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তারপর থেকে জেলা বিএনপি চলছে কার্যত সাধারণ সম্পাদকের নেতৃত্বে।
নেতা-কর্মীরা বলেন, ২০১০ সালের সম্মেলনে তিন সদস্যের জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত নেতাদের এক মাসের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিয়েছিলেন সম্মেলনের প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। কিন্তু তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। এমনকি গত দেড় দশকে হওয়া তিনটি সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এ নিয়ে নেতা-কর্মীরা হতাশ।
এবারের সম্মেলনেও কি আগের ধারাবাহিকতা বজায় থাকবে?—এই প্রশ্ন দলের অনেক নেতা-কর্মীর মাঝে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এবার আগের মতো হবে না। এবার সম্মেলনেই ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সেই লক্ষ্যেই তাঁরা কাজ করছেন।
দলীয় নেতা-কর্মীরা বলেন, সম্মেলন ঘিরে দলের তৃণমূল পর্যায়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নিজের পছন্দের নেতাকে সভাপতি-সম্পাদকের পদে দেখতে শহরের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন অনেকে।
জেলা বিএনপির বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সভাপতি পদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর ওরফে আলো এবং সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান ও সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী প্রার্থী হবেন।