ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কমিটি গঠন ছাড়াই শেষ হয়েছে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ সাত বছর পর হলো এই সম্মেলন। সাত বছর আগে নির্বাচিত হয়েও এত দিন যাঁরা পদের জন্য মুখিয়ে ছিলেন এবারও প্রত্যাশা পূরণ না হওয়ায় তাঁরা হতাশ হয়েছেন। গত শনিবার উপজেলার সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। তখন রাজিউর রহমান চৌধুরী সভাপতি ও আবু হায়াত নুরন্নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বে ওই সময় গঠিত কমিটিই সাত বছর দায়িত্ব পালন করে আসছে। শেষ পর্যন্ত শনিবার উপজেলা বিএনপির নতুন সম্মেলন হলো।
রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শনিবারের সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন। তিনি বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গীকে নিয়ে দল সব সময় সমস্যায় থাকে। এখানে সমন্বয় বা একসঙ্গে কাজ করার মানসিকতার অভাব আছে। এটা দূর করতে হবে। তিনি আরও বলেন, সংগঠনের কতগুলো নিয়ম আছে। একটা চেইন অব কমান্ড আছে। যখন যিনি সভাপতি নির্বাচিত হলেন, তিনিই দলের সভাপতি। তাঁকে অমান্য করা যাবে না। তাঁকে কখনোই অবজ্ঞা করা যাবে না।
আর জেলা-উপজেলা, উপজেলা-ইউনিয়ন, ইউনিয়ন-ওয়ার্ডে এ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং আনুগত্য অবশ্যই রাখতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশ দেওয়া হবে, তা জেলা মানতে বাধ্য। জেলা থেকে যে নির্দেশ দেওয়া হবে, তা উপজেলা মানতে বাধ্য। এই চেইন অব কমান্ড রক্ষা করতে হবে। এরপর তিনি আনুগত্য রক্ষা করে দলের জন্য কাজ করতে নেতা-কর্মীদের শপথ করান।
সম্মেলনের প্রথম পর্ব বেলা সাড়ে ১১টায় শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করার কথা থাকলেও আয়োজক কমিটির পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। ফলে কোনো কমিটি গঠন ছাড়াই শেষ হয় সম্মেলন।
আবদুল জব্বার নামে বড়বাড়ি ইউনিয়ন বিএনপির এক কর্মী বলেন, ‘এই (বর্তমান) কমিটির নেতালার বিরুদ্ধে অনেক কথা আছে। উমরা (তাঁরা) দল ভালো করে চালাবা পারেনি। সাত বছর পর সম্মেলন হইল। কিন্তু হামরা নতুন কমিটি পানু না।’
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী টি এম মাহবুবর রহমান বলেন, সম্মেলন আয়োজনের দায়িত্বে থাকা জেলার অনেক নেতাই নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণ করেন। ফলে যাঁরা পরীক্ষিত, ত্যাগী, তাঁরা নেতৃত্বে আসতে পারেন না। সম্মেলনের দিনই নতুন কমিটি হয়ে গেলে তৃণমূলের নেতা-কর্মীদের মনের আশঙ্কা কেটে যেত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা অভিযোগ করেন, তৃণমূলের কাছে জনপ্রিয় নন, তবে জেলার নেতাদের পছন্দের লোককে
নেতৃত্বে আনতেই কমিটি গঠন করা হয়নি।
তবে বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলে একই পদপ্রত্যাশী আবু হায়াত নুরন্নবী বলেন, কমিটি গঠন নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এক মাসের মধ্যেই বালিয়াডাঙ্গী বিএনপি নতুন নেতৃত্ব পেয়ে যাবে। দলের কর্মীদের মধ্যে যাঁদের গ্রহণযোগ্যতা নেই, তাঁরা অনেক কথাই বলবেন বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ওবায়দুল্লাহ মাসুদ বলেন, সম্মেলন শেষ করা গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি। এক মাসের মধ্যে কাউন্সিলরদের ডাকা হবে। কাউন্সিলররাই সিদ্ধান্ত নেবেন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া কী হবে। এখানে জেলার নেতারা কোনোভাবেই প্রভাব বিস্তার করবেন না।