জয়পুরহাট জেলায় দীর্ঘ সাত বছরেও আওয়ামী লীগের সম্মেলন হয়নি। ফলে দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর সম্মেলন হওয়ার কথা। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালের ৪ অক্টোবর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সরাসরি কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে সামছুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এস এম সোলায়মান আলী নির্বাচিত হন। ২০০৭ সালের ৩ অক্টোবর ওই কমিটির মেয়াদ শেষ হয়। এরপর সাত বছরেও সম্মেলন করতে পারেনি জেলা আওয়ামী লীগ। জেলার পাঁচটি উপজেলার মধ্যে ২০১৩ সালে চারটি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। কালাই উপজেলা আওয়ামী লীগ এবং পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সম্মেলন এখনো পর্যন্ত ঝুলে রয়েছে।
জেলা কমিটির বেশ কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, জয়পুরহাট বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ক্ষমতায় থাকার পরও এখানে আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি বাড়াতে পারেনি। ক্ষমতার দাপট দেখিয়ে হাতেগোনা কয়েকজন নেতা অর্থবিত্তের মালিক হলেও দলের সাংগঠনিক ভিত নড়বরে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর জামায়াতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পাশেও দাঁড়াতে পারেনি স্থানীয় আওয়ামী লীগ। এ নিয়ে দলের প্রতি প্রচণ্ড ক্ষোভ রয়েছে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের।
জেলা কৃষক লীগের সহসভাপতি আবু তালেব চৌধুরী অভিযোগ করেন, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানসহ পাঁচবিবি বাজার ও আশপাশের গ্রামের বাসিন্দারা জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের পাশে দাঁড়ায়নি জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দলাল পার্শী বলেন, দীর্ঘদিন জেলা কমিটির সম্মেলন না হওয়ায় অনেক নেতা-কর্মী ঝিমিয়ে পড়েছেন। এতে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা হলেও স্থবিরতা এসেছে।
সাংগঠনিক সম্পাদক শেখর মজুমদার অভিযোগ করেন, জেলার কয়েকজন নেতা দলের সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে দল ক্ষমতায় থাকার দাপট দেখিয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধার করা নিয়েই বেশি ব্যস্ত। তৃণমূল পর্যায়ের সব কমিটি প্রভাবশালী কয়েকজন নেতার পকেট কমিটি। এ কারণে গত উপজেলা পরিষদের নির্বাচনে পাঁচটি উপজেলার মধ্যে চারটিতেই আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
শেখর মজুমদার বলেন, জেলা কমিটির সভাপতি সামছুল আলম সাংসদ হয়েছেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী দীর্ঘদিন থেকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে রয়েছেন। তাই তাঁরা দুজন সাংগঠনিক কর্মকাণ্ডে সময় দিতে পারেন না। শুধু সরকারি কর্মসূচিগুলো কোনো রকমে পালন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলা কমিটির একাধিক নেতা অভিযোগ করেন, জেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অনেক কমিটিরই মেয়াদ বহুদিন আগে শেষ হয়েছে।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী দাবি করেন, জেলায় সাংগঠনিক কর্মকাণ্ডে কোনো স্থবিরতা নেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। যেসব নেতা-কর্মী সংগঠনের বিরুদ্ধে স্থবিরতার অভিযোগ করেছেন, তাঁরাই সংগঠনের কোনো কর্মকাণ্ডে অংশ নেন না। কালাই উপজেলা সম্মেলন এবং পাঁচবিবি পৌর কমিটির সম্মেলন শেষ করে আগামী সেপ্টেম্বরের যেকোনো সময়ে জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে বলে জানান তিনি।