সাতকানিয়ায় অস্ত্রবাজদের ‘নেতা’ আসামি নন

পুলিশের মামলায় নৌকার প্রার্থীকে আসামি করা হয়নি। স্বতন্ত্র প্রার্থী প্রধান আসামি। কোনো অস্ত্রধারী গ্রেপ্তার হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাছির উদ্দিন। সাতকানিয়ার খাগরিয়ায় নৌকার প্রার্থীর অফিসের কর্মচারী
ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গোলাগুলির সময় কেন্দ্রে উপস্থিত থেকে নিজের অনুসারীদের নেতৃত্ব দিয়েছেন নৌকার প্রার্থী মো. আকতার হোসেন। কিন্তু এই ঘটনায় হওয়া মামলায় তাঁকে আসামি করা হয়নি। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিনকে। তাঁর নেতৃত্বে গোলাগুলির ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে পুলিশ গত ছয় দিনেও কোনো অস্ত্রবাজকে গ্রেপ্তার করতে পারেনি।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি গ্রহণের তারিখ দেখানো হয়েছে ৯ ফেব্রুয়ারি। এসআই হাসান ওই দিন খাগরিয়া ইউপিতে পুলিশের ভ্রাম্যমাণ দলের নেতৃত্বে ছিলেন। গোলাগুলি শুরু হওয়ার পর তিনি খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পাশের খাগরিয়া ইউপি কেন্দ্রে আসেন।

গত সোমবার ইউপি নির্বাচন চলাকালে খাগরিয়ার এই দুই কেন্দ্রে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী চলা এই গোলাগুলির ঘটনার শুরুর সময় সকাল সাড়ে নয়টা থেকে আকতার ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ছিলেন। তিনি তাঁর সমর্থকদের তখন নির্দেশনা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জসিম উদ্দিনও তখন কেন্দ্রে ছিলেন। এ সময় এই প্রতিবেদকসহ ছয় গণমাধ্যমকর্মী দুটি কেন্দ্রে উপস্থিত ছিলেন। আকতারের প্রধান সহযোগী হাছান মাহমুদকেও অস্ত্র হাতে তখন তৎপর দেখা গেছে। তাঁকেও আসামি করা হয়নি।

আকতারকে কেন আসামি করা হয়নি জানতে চাইলে বাদী মো. হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি বাদী ঠিক। কিন্তু এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’

গোলাগুলিতে জড়িত ৯ অস্ত্রধারীর মধ্যে ৮ জনই নৌকার প্রার্থীর অনুসারী। জসিমের অনুসারী একজন। পরিচয় শনাক্ত না হওয়া অস্ত্রধারীও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অস্ত্র ধরেছিলেন বলে স্থানীয় মানুষজন জানিয়েছেন।

মামলায় ২ নম্বর আসামি করা হয় আকতারের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী মো. নাছির উদ্দিনকে। এ ছাড়া আকতারের দেহরক্ষী হিসেবে পরিচিত কামরুল আজাদ ওরফে সুমন ৬ নম্বর ও সৎভাই মো. কায়েসকে ৭ নম্বর আসামি করা হয়। আকতারের অপর অস্ত্রধারী শাখাওয়াত ওরফে শওকতকে ৪ নম্বর আসামি করা হয়। মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে জসিম উদ্দিন নামের অপর একজনকে। তাঁকে নির্বাচনের পরদিন একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়েছিল। অস্ত্রধারী মোহাম্মদ নিশানকে করা হয়েছে ৯ নম্বর আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, অস্ত্রধারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সোর্স লাগিয়েছি। তারা এলাকা ছেড়ে পালিয়েছে।

সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল বলেন, মামলায় যেহেতু অজ্ঞাত আসামি রয়েছে, তাই আকতারও আসামি হতে পারেন।

এ বিষয়ে আকতার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি এবং তাঁর অনুসারীরা কেন্দ্রে থাকলেও অস্ত্রবাজিতে জড়িত ছিলেন না। অস্ত্রবাজি করেছে জসিমের লোকজন।

প্রচারণায়ও গুলি করেছে অস্ত্রধারীরা

নির্বাচনী প্রচারণার সময় ২৭ জানুয়ারি খাগরিয়া ৮ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিনের মিছিলে গুলি করার অভিযোগ ওঠে আকতার হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন।

এরপর সাতকানিয়া থানায় ২৯ জানুয়ারি মোহাম্মদ খাইরুজ্জামান নামের একজন বাদী হয়ে মামলা করেন। তাতে হাছান মাহমুদকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অস্ত্রধারী কামরুল আজাদ, কায়েস, নিশান, শওকতসহ ২৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল। বাদী খাইরুজ্জামান বলেন, ‘আমার ভাই শাহআলম আহত হয়। তাই মামলা করেছিলাম।’

এই ঘটনায় আহত মোহাম্মদ রফিক নামে অপর ব্যক্তি চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আকতার হোসেনকে ২ নম্বর আসামি করা হয়। ১ নম্বর আসামি করা হয় অস্ত্রধারী কামরুল আজাদকে।

এই ঘটনার পর ২ ফেব্রুয়ারি জসিম উদ্দিন র‍্যাব-৭–এর অধিনায়ক বরাবরে খাগরিয়ার বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আবেদন করেছিলেন।

সাতকানিয়ায় ১৬ ইউপিতে সোমবার ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে নলুয়া ও বাজলিয়া ইউনিয়নে এক কিশোরসহ দুজন সহিংসতায় নিহত হন। খুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নির্বাচনের আগের দিন ৬ ফেব্রুয়ারি রাতে খাগরিয়ায় দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী ও তাঁর তিন সঙ্গীকে বেদম মারধর করার অভিযোগ ওঠে জসিম উদ্দিন ও সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় ৮ ফেব্রুয়ারি পার্থ সারথী মামলা করেন। তাতে জসিম ১ নম্বর আসামি। মারধরের পর পার্থ সারথীর সঙ্গে একটি অস্ত্র দিয়ে ছবি তোলা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।