সাতকানিয়ায় আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গতকাল রোববার পৃথক সভা করেছে উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ।
দলীয় সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলার কেরানীহাটের সাতকানিয়া রিসোর্ট সেন্টারে বর্ধিত সভা শুরু হয়। এর মাত্র ২০০ গজ দূরে সিটি সেন্টারে আয়োজন করা হয় আরেকটি সভার। ওই সভার নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি মোজাম্মেল হক ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান।
কুতুব উদ্দিন চৌধুরী বলেন, ‘নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে ও জঙ্গিবাদের প্রতিবাদে বর্ধিত সভা ডাকা হয়। জানি না কেন তাঁরা আলাদা সভার আয়োজন করেছেন।’
অন্যদিকে মোজাম্মেল হক বলেন, ‘দলের কয়েকজন নেতা স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যাচ্ছেন। সে কারণে দলের নেতারা পৃথকভাবে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভার আয়োজন করেছেন।’