>চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। তাঁর প্রতিদ্বন্দ্বী দলের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম
সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। তিনি জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক।
এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী দলের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। জেলার দুই শীর্ষ নেতা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হওয়ায় দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
দলের একাধিক সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন-আর রশিদসহ একটি পক্ষ মুনসুর আহমেদের পক্ষে অবস্থান নিয়েছে।
অন্যদিকে নজরুল ইসলাম ‘বিদ্রোহী’ প্রার্থী হলেও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ অনেকেই তাঁর পক্ষে কাজ করছেন। জেলায় ভোটারের সংখ্যা ১ হাজার ৬১। জেলার দুই শীর্ষ নেতা একই পদের প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ সমর্থন করেন এমন ভোটাররা দ্বিধায় পড়েছেন। বাকি ভোটারদের সমর্থনও জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম না প্রকাশ করার শর্তে দুজন ইউপি চেয়ারম্যান বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দলের নেতা-কর্মীদের মূল্যায়ন করেন না। প্রশাসক থাকা অবস্থায় দুই-চারজনের কথামতো তিনি যা খুশি তা-ই করেছেন। ফলে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা তাঁর কাজে সন্তুষ্ট নন।
সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেন ও সাধারণ সম্পাদক শাহাজাহান আলী অভিযোগ করেন, মুনসুর আহমেদকে সুবিধা না দিলে তিনি কোনো কাজ করেননি। এটা দলীয় ভোট নয়। তাঁরা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এসব অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, ‘যাঁরা দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন, তাঁরা বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেন না। তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, তৃণমূল নেতা-কর্মীদের ইচ্ছায় তিনি প্রার্থী হয়েছেন। তাঁদের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান।