ভোট কারচুপিসহ নানা অভিযোগ এনে সাতক্ষীরার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বাতিলের দাবি করেছেন বিএনপির দুজন ও আওয়ামী লীগের একজন পরাজিত চেয়ারম্যান প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপি নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল কারচুপি করেছেন বলে অভিযোগ করা হয়। এ ফলাফল বাতিল করে ‘প্রকৃত’ ফলাফলের মাধ্যমে বিএনপির প্রার্থী আকবর আলীকে বিজয়ী ঘোষণা করার দাবি জানান তাঁর বড় ভাই ফজলুল হক।
লিখিত বক্তব্যে ফজলুল হক অভিযোগে করেন, ২২ মার্চ ইউপি নির্বাচনে তাঁর ছোট ভাই আকবর আলী ৬ নম্বর রমজাননগর ইউপিতে ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৪ হাজার ১৮৮ ভোট পান এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ আল মামুন ঘোড়া প্রতীক নিয়ে ভোট পান ৪ হাজার ১৭১। কিন্তু রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুন্সি আবদুর রব ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ আল মামুনের পক্ষ নিয়ে কারচুপি করে ফলাফল পাল্টে ফেলেন।
এ অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং কর্মকর্তা মুন্সি আবদুর রব বলেন, প্রথমে ভোট গণনায় ভুল হয়েছিল। পরে তা সংশোধন করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।
রমজাননগর ইউপির রিটার্নিং কর্মকর্তা সঞ্চয় বিশ্বাস বলেন, আকবর আলীকে তাঁর পাশে বসিয়ে প্রিসাইডিং কর্মকর্তার পাঠানো ফলাফলের শিট দেখে তিনি ওই ফল ঘোষণা করেন।
সদর উপজেলার বল্লী ইউপি নির্বাচনে ব্যাপক কারচুপি করে ৩৮ ভোটে হারানোর অভিযোগ তুলে ফলাফল বাতিল করে আবার ভোটের দাবি জানিয়েছেন বিএনপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মহিতুল ইসলাম। গতকাল সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ভোটের দিন কাঁঠালতলা, আমতলা ও ঘরচালা কেন্দ্রে আসা আমার সমর্থকদের কাছ থেকে আওয়ামী লীগের প্রার্থীর একদল সমর্থক ব্যালট ছিনিয়ে নেয়। পরে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করে। এ ছাড়া প্রত্যেক কেন্দ্রে আমার এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়। এসব ঘটনায় আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এরপরও নয়টি কেন্দ্রে আমি ৩০ ভোটে এগিয়ে ছিলাম। কিন্তু ফলাফলে পরিকল্পিতভাবে ৩৮ ভোটে আমাকে হারিয়ে দেওয়া হয়।’