গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন কখনো ব্যর্থ হয় না। সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে আমরা সেটাই দেখে আসছি। কাজেই নিরাশার কিছু নেই। বরং আসুন, আমরা ঐক্যবদ্ধ হই।’
গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘৭২-এর সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় বেশির ভাগ বক্তা ১৯৭২-এর সংবিধানকে শ্রেষ্ঠ সংবিধান উল্লেখ করে তাতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাসহ সব সমস্যার সমাধান এই সংবিধানের মাধ্যমেই করা সম্ভব বলেও মনে করেন তাঁরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. কামাল হোসেন বলেন, ‘সংবিধানের কোথায় কী সমস্যা আছে আসুন আমরা খুঁজে বের করি। এরপর মানুষকে বোঝাই।’
সভায় আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, ‘বারবার আমাদের সংবিধানকে অবহেলা করা হয়েছে। সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে, আবার রাষ্ট্রধর্মও আছে। এটা স্ববিরোধী।’
ভুল পথে হাঁটা বন্ধের আহ্বান জানিয়ে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর স্বল্প সময়ে এত সুন্দর একটা সংবিধান প্রশংসাযোগ্য। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান হত্যা শুরু হয়।
সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ বলেন, ‘আজকে যে জঙ্গিবাদ তার জবাব দিতে হলেও বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে।’
বাসদ নেতা খালেকুজ্জামান বলেন, ‘সংবিধান বিভিন্ন সময়ে কাটাছেঁড়া করা হয়েছে। এমনকি অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসেও সেটি করেছে। সামাজিক ন্যায়বিচারের বদলে অন্যায়, জোরজুলুম করে দেশ চলছে। আমরা দিনকে দিন পিছিয়েছি।’
সভায় আরও বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী।