সাধারণ সম্পাদক পদপ্রার্থী ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একই বাড়ির তিনজনসহ মোট ১১ জন প্রার্থী ব্যাপক প্রচারণা শুরু করেছেন। আর সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ প্রচারণা চালাচ্ছেন।
সাধারণ সম্পাদক পদে চাঁদপুর শহরের সাতানি পাটওয়ারী বাড়ির তিন প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ওচমান গনি পাটওয়ারী, তাঁর চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাপাজ্জল হোসেন পাটওয়ারী ও শামসুল হক পাটওয়ারী। একই পদে অন্য প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও আহসান উল্লা আখন্দ, সহসভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক জিল্লুর রহমান ও জেলা বিএমএর সভাপতি হারুনুর রশিদ। ইতিমধ্যে জেলা শহরসহ আশপাশে এসব প্রার্থীর পক্ষে রঙিন বিলবোর্ড ও পোস্টার সাঁটানো হয়েছে। এ ছাড়া প্রার্থীরা স্থানীয় বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন ও বিবৃতি দিয়েছেন।