সাধারণ সম্পাদক পদের দিকে সবার দৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে গতকাল শুক্রবার দলে সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য পরিবর্তনের খবর নিয়ে। সৈয়দ আশরাফুল ইসলামের স্থলে সাধারণ সম্পাদক পদে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের আসছেন—এমন আলোচনা গতকালও অব্যাহত ছিল।

এ ছাড়া দলের সভাপতিমণ্ডলীতে কিছু নতুন মুখ আসতে পারেন এবং সম্পাদকমণ্ডলী ও সদস্যপদে বড় ধরনের রদবদল হওয়ার সম্ভাবনা আছে বলে দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া গেছে। আবার সভাপতিমণ্ডলী থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে কেন্দ্রীয় নেতারা গত দুই দিন দফায় দফায় বৈঠক করেছেন। আলাদাভাবে দায়িত্বশীল নেতারা সাক্ষাৎ করছেন দলীয় প্রধানের সঙ্গে। এসব নেতার সঙ্গে কথা বলে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সম্ভাব্য পরিবর্তনের কিছু আভাস পাওয়া গেছে।

তবে গত রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলের ভেতরে নানা ধরনের আলোচনা চলছিল। বিশেষ করে, সাধারণ সম্পাদক পদে কে আসছেন, তা নিয়েই সবার আগ্রহ ছিল বেশি। আওয়ামী লীগের দুজন জ্যেষ্ঠ ও দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কে কোন পদ পাবেন—এটা পুরোপুরিই দলীয় সভাপতি শেখ হাসিনার ওপর নির্ভর করছে। গত সপ্তাহে দলের জাতীয় কমিটির এক বৈঠকে দলীয় প্রধান ব্যাপক পরিবর্তনের আভাস দেন। এমনকি নতুন নেতৃত্ব তুলে আনার প্রশ্নে এখনই ‘চারা রোপণের’ সেরা সময় বলে মন্তব্য করেন।

এই দুই নেতা বলেন, সভাপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ কল্পনাই করছেন না। সাধারণ সম্পাদকের পর সভাপতিমণ্ডলীর পদের বিষয়ে আগ্রহ বেশি জ্যেষ্ঠ নেতাদের। মধ্যম সারির নেতাদের মূল লক্ষ্য যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদের দিকে। সম্পাদকমণ্ডলী ও সদস্যপদে সাবেক ছাত্রনেতারা বেশ দৌড়ঝাঁপ করছেন।

সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের যে গুঞ্জন শুরু হয়েছে বুধবার রাত থেকে, তা গতকাল আরও জোরালো হয়। বুধবার বিকেলে ওবায়দুল কাদেরকে দলীয় সভাপতি শেখ হাসিনা গণভবনে ডেকে সাধারণ সম্পাদক পদের জন্য প্রস্তুতি নিতে বলেন। বৃহস্পতিবার রাতে সৈয়দ আশরাফুল ইসলাম গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

দলে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজনেরা মনে করছেন, ওবায়দুল কাদেরের সাধারণ সম্পাদক হওয়ার বিষয়টি অনেকটাই পরিষ্কার। তবে সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ একাধিক নেতা বলেন, সৈয়দ আশরাফকে পরিবর্তন করলে ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক হবেন—এমনটা কেউ নিশ্চিত করেননি।

সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিকল্প কোনো ভাবনা থেকেই হয়তো দলীয় প্রধান সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। প্রথমে তাঁকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হতে পারে।

সাম্প্রতিক অতীতে আওয়ামী লীগের সম্মেলনে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিয়ে দেওয়া হয় সভাপতির ওপর। এই দুই পদে একজন করেই প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। এবারও এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি। সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন। এ নিয়ে অন্য কোনো আলোচনা নেই। এ কারণে সাধারণ সম্পাদক পদের দিকে সবার নজর।

এবার সম্মেলনে সাধারণ সম্পাদকের বাইরেও কিছু কিছু পদ কাউন্সিল অধিবেশনেই দলীয় প্রধান ঘোষণা করতে পারেন—এমন সম্ভাবনার কথা বলছেন দুজন দায়িত্বশীল নেতা। পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হয়তো কয়েক দিন সময় লেগে যেতে পারে।

গঠনতন্ত্র অনুসারে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ৭৩। তবে এবার গঠনতন্ত্র সংশোধন করে ৮১-তে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদিত হবে।

ইতিমধ্যে নেতৃত্ব নির্বাচনের জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন উপদেষ্টা পরিষদের সদস্য মসিউর রহমান ও সাবেক সচিব রাশিদুল আলম। গতকাল রাতে নির্বাচন কমিশনের সদস্যরা দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। দলের গঠনতন্ত্রে কোনো পদে একাধিক প্রার্থী থাকলে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচনের কথা বলা আছে। এ জন্য স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে।

নিজের সাধারণ সম্পাদক হওয়া এবং সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের গতকাল প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। রোববারের মধ্যেই অনেক প্রশ্নের উত্তর এসে যাবে।’

সভাপতিমণ্ডলীতে নতুন মুখ: বর্তমান গঠনতন্ত্র অনুসারে সভাপতি, সাধারণ সম্পাদকসহ (পদাধিকারবলে) সভাপতিমণ্ডলীর সদস্য ১৫ জন। এবার গঠনতন্ত্র সংশোধন করে ৪টি পদ বাড়িয়ে ১৯টি করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান কমিটির সৈয়দা জোহরা তাজউদ্দীন মারা গেছেন, আব্দুল লতিফ সিদ্দিকী বহিষ্কার হয়েছেন আর একটি পদ শুরু থেকেই ফাঁকা। বর্তমান কমিটি থেকে কয়েকজন বাদও পড়তে পারেন বলে আলোচনা আছে। ফলে সব মিলিয়ে সভাপতিমণ্ডলীতে ৭ থেকে ১০ জন নতুন নেতার স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলের উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে সভাপতিমণ্ডলীতে আসতে পারেন, এমন কিছু নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে আলোচনায় আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বঙ্গবন্ধুর ভাগনে ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইনমন্ত্রী আনিসুল হক।

দায়িত্বশীল সূত্র জানায়, প্রায় প্রতিটি অঞ্চল থেকেই সভাপতিমণ্ডলীর সদস্য রাখার চেষ্টা করা হয়। বর্তমান কমিটিতে সিলেটের কেউ নেই। শিক্ষা খাতে সরকারের সাফল্যের স্বীকৃতি হিসেবে নুরুল ইসলাম নাহিদের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, খুলনা ও বরিশাল থেকেও সভাপতিমণ্ডলীতে এখন কেউ নেই। সে ক্ষেত্রে হাসানাত আবদুল্লাহর নাম শোনা যায়। দীপু মনি ও মাহবুব উল আলম হানিফ বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। এই পদে নতুন কাউকে আনতে চাইলে তাঁদের স্থান হতে পারে সভাপতিমণ্ডলীতে। সাবের হোসেন চৌধুরী ও আসাদুজ্জামান নূরের বিষয়টি আলোচনায় এসেছে তাঁদের সামাজিক পরিচিতির কারণে।

অন্য যেসব পদ নিয়ে দৌড়ঝাঁপ: এবার যুগ্ম সাধারণ সম্পাদক পদ একটি বৃদ্ধি করে চারটি করা হচ্ছে। বর্তমানে এই পদে মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক আছেন। দলীয় সূত্র জানায়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাধিক নতুন মুখ আসতে পারেন। বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসতে পারেন—এমন আলোচনাও আছে।

বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদকের পদ হচ্ছে আটটি। এখানে সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ চলে আসতে পারেন। বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর পদ আছে ৩২টি। এসব পদে আগের অনেকেই থেকে যাবেন। তরুণ কারও কারও প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আলোচনা আছে।