হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ওই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাহবুবুর রহমানকে সভাপতি ও শফিকুল আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মনির হোসেন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের ২৭ এপ্রিল পত্তন ইউনিয়নের পত্তন গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আদম খাঁ খুন হন। এ ঘটনায় পরদিন আদম খাঁর স্ত্রী পারুল বেগম ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করেন। মামলায় শফিকুল আলম ওরফে রাজভীকে (২৮) চার নম্বর, তাঁর বাবা সামসুল ইসলাম এক নম্বর ও ছোট ভাই আতিকুল ইসলামকে পাঁচ নম্বর ও আশরাফুল ইসলামকে ছয় নম্বর আসামি করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ২০১৫ সালের জুলাই মাসে ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
এ বিষয়ে শফিকুল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ষড়যন্ত্র করে আমাদেরকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। তবে বিষয়টি এখন মীমাংসার পর্যায়ে রয়েছে। রাজনৈতিক ফায়দা নিতে প্রতিপক্ষের লোকজন এখন এ নিয়ে কথা-বলাবলি শুরু করেছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘অভিযোগপত্রে সাধারণ সম্পাদক শফিকুল আলমের নাম নেই বলে শুনেছি। সর্বসম্মতিক্রমেই তাঁকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে।’ তিনি আরও বলেন, যদি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে গঠনতন্ত্র অনুযায়ী তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিষয়টি বিচারাধীন। তবে মামলায় কে কে জামিনে আছেন, তা নথি না দেখে বলা সম্ভব নয়।