সাধারণ সম্পাদককে অব্যাহতির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মজিবুর রহমানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা। গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত হয়।
তবে কাজী মজিবুর রহমান বলেছেন, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে জেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। পদে না থাকলেও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিংয়ের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করে যাবেন বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, কাজী মজিবুর রহমানের প্রত্যক্ষ-পরোক্ষ নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল জেলা আওয়ামী লীগের সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ ও এ কে এম জাহাঙ্গীর আলম জানান, জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গতকালের সভায় উপস্থিত কমিটির ৬১ জন সদস্য কাজী মজিবুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন। এ জন্য তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা কমিটির এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।
এর আগে গত বছর বান্দরবান জেলা আওয়ামী লীগে সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়।
সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।