সাধারণ সম্পাদকের অব্যাহতি চাইলেন দলীয় নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবন, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ নানা অভিযোগ উঠেছে। অভিযোগগুলো করেছেন খোদ তাঁর দলীয় নেতারাই। শুধু তা-ই নয়, এসব নেতা দলীয় পদ থেকে আনিছুর রহমানের অব্যাহতিও দাবি করেন। গতকাল রোববার সংবাদ সম্মেলন করে পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা এই দাবি জানান।
ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগ এবং পাঁচ ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউপির চেয়ারম্যান মোরশেদুল বারী। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামাণিক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, থালতা মাজগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক নিকুঞ্জ কুমার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, কৃষক লীগের উপজেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নিজে মাদক সেবন ও মাদক ব্যবসা করেন। তাঁর মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এসব নিয়ে গণমাধ্যমে খবর ছাপা হলেও তিনি শুধরাননি। তিনি এখনো মাদক ব্যবসা এবং সেবন করে আসছেন। শুধু তা-ই নয়, দলের নাম ভাঙিয়ে তিনি উপজেলায় মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এ ছাড়া তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করছেন। দলের ভাবমূর্তির কথা বিবেচনা করে তাঁকে কেউ আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চান না। এ কারণে অনতিবিলম্বে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দিতে জেলা কমিটির কাছে লিখিত সুপারিশ করা হয়েছে।
মুঠোফোনে জানতে চাইলে মোরশেদুল বারী বলেন, ‘দলের ভাবমূর্তি রক্ষার জন্যই সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতির অনুরোধ করা হয়েছে। জেলা কমিটি ব্যবস্থা না নিলে প্রয়োজনে আমরা গণপদত্যাগ করব।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাধারণ সম্পাদকের মাদক সেবন এবং দলের নাম ভাঙিয়ে মাদক ব্যবসা চালানোর বিষয়টি নিয়ে আমরা বিব্রত। এতে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে দলীয় নেতা-কর্মীরা তাঁকে আর সাধারণ সম্পাদক পদে চায় না।’ তিনি আরও বলেন, ‘যেহেতু পূর্ণাঙ্গ উপজেলা কমিটি নেই, তাই আনিছুর রহমানের বিরুদ্ধে তাঁদের অনাস্থা ও অব্যাহতির আবেদনপত্রে সুপারিশ করে আমি তা বিবেচনার জন্য জেলা কমিটিতে পাঠিয়েছি।’
অভিযুক্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।