সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে স্থানীয় সাংসদ তানভীর ইমাম পদত্যাগ করেছেন। উল্লাপাড়া আওয়ামী লীগের সভাপতির দাবি, জরুরি সভা করে দায়িত্ব ছেড়ে দিয়েছেন তানভীর।
রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, তানভীর ইমাম পদত্যাগ করেছেন। ওই পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, জেলা আওয়ামী লীগের বৈঠকে তা ঠিক করা হবে। কিন্তু তানভীর বলছেন, তিনি দায়িত্ব ছেড়ে দেননি বা হস্তান্তর করেননি।
সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ তানভীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে। ১৪ নভেম্বর দলীয় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ওই সম্মেলনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সাংসদ হিসেবে তিনি (তানভীর) বেশির ভাগ সময় ঢাকায় থাকবেন, এ কারণে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড চালানো তাঁর পক্ষে কঠিন। তাই সভায় তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেন। পরে সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে এ দায়িত্ব দেওয়া হয়।
সাংসদ তানভীর গত শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, ‘দলীয় নেতা-কর্মীদের নিয়ে মাঝেমধ্যে আমার বাড়িতে আলোচনা করে থাকি। আলোচনাটি ছিল চলমান কর্মসূচির অংশবিশেষ। এখানে দায়িত্ব হস্তান্তরের বিষয় নিয়ে কোনো কথা হয়নি।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী বলেন, সম্মেলন শেষে উল্লাপাড়া আওয়ামী লীগ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি দাখিল করেনি। এ ছাড়া গঠনতন্ত্র অনুযায়ী কারও দায়িত্ব হস্তান্তরের সুযোগ নেই।