সাফাদি-জয়ের বৈঠকের খবর সাজানো: হানিফ
প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গত বছর ওয়াশিংটনে সাক্ষাৎ করার দাবি করেছেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি। এ খবর দিয়েছে বিবিসি বাংলা। তবে এই সাক্ষাতের খবরকে বিএনপির ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
গত শুক্রবার বিবিসি বাংলার অনলাইন সংস্করণে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গত বছর মেন্দি এন সাফাদির সাক্ষাৎ হয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয়ের কার্যালয়ে এই বৈঠক হয়। সাফাদির একজন আমেরিকান বন্ধু তাঁদের দুজনের এই বৈঠকের আয়োজন করেন বলেও ওই খবরে উল্লেখ করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগ-মাধ্যম ইউটিউবেও সাফাদির একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। সেখানেও তিনি জয়ের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেছেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মেন্দি এন সাফাদির সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির লন্ডনভিত্তিক নেতা জ্যাকব মিল্টন নাটক সৃষ্টি করার জন্য। কিছুদিন আগে এই মেন্দি সাফাদির সঙ্গে আসলামের বৈঠকের খবর নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে তোলপাড় হয়। ওই সময় বিভিন্ন গণমাধ্যমে সাফাদি সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশে আর কারও সঙ্গে তাঁর সে রকম যোগাযোগ নেই। তিনি এর আগে মি. রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এই মি. রহমান যে তারেক রহমান, এতে কোনো সন্দেহ নেই। এখন বিএনপির নেতারা লন্ডনে বসে সাফাদিকে নিয়ে একটা নাটক সাজিয়েছেন যে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।’
খবরটি বিবিসি বাংলা পরিবেশন করেছে, এরপরও কি সত্যতা নিয়ে সন্দেহ করছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিবিসির কোনো সাংবাদিক এ খবর পরিবেশন করেননি। ওখানে সাক্ষাৎকার নিয়েছেন জ্যাকব মিল্টন। তিনি বিবিসির কোনো সংবাদকর্মী নন। তিনি সিডিটা বিবিসিকে দিয়ে এ খবর পরিবেশন করতে বলেছেন। বিবিসির কোনো সাংবাদিক যদি খবরটি পরিবেশন করত, তাহলে অবশ্যই খবরটির গুরুত্ব বহন করত। কিন্তু বিবিসি অন্যের ধার করা জিনিস প্রচার করেছে, এটা দুঃখজনক।’