সাবেক প্রতিমন্ত্রী জাহানারা বেগম মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাবেক মহাসচিব জাহানারা বেগম মারা গেছেন। আজ শনিবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বসুন্ধরার নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জাহানারার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। জাহানারা বেগমের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থারত তাঁর বড় ছেলে দেশে ফিরলে জাহানারাকে শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাহানারা বেগম জাতীয়তাবাদী যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের সাবেক সাংসদ ও সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাহানারা বেগমের জন্ম রাজবাড়ী জেলায়। তিনি ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে হাবিবুল্লাহ বাহার কলেজে অধ্যাপনা করেন। তিনি দুবার সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ছিলেন।

জাহানারা পঞ্চম জাতীয় সংসদে মহিলা আসন-২২–এর সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।

জাহানারা বেগমের মৃত্যুতে এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।