রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলা ঘটনার মামলায় সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও তাঁর ছোট দুই ভাইকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতেই তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম প্রথম আলোকে জানান, এজাহারে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন বর্তমান মেয়র, তাঁর দুই ভাই মোস্তাক হোসেন ও মাইনুল হাসান এবং সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বাক্কার। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা লিটনের বাড়িতে এই বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ ও রেলওয়ে শ্রমিক লীগ। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রলীগ। দুপুর ১২টার দিকে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক লীগ বিক্ষোভ মিছিল করে। রেল ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ওয়ালী খান, আরবিআর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আক্তার আলী প্রমুখ।
গত সোমবার রাত নয়টার দিকে লিটনের নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরের বাড়িতে বোমা হামলা হয়। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকেরা এক ঘণ্টা পরেই বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেনের বাসায় ইট-পাটকেল ছুড়ে ও ভাঙচুর করে। এ সময় বাড়ির সামনে মেয়রের নামফলকও ভেঙে দেওয়া হয়। ইটের আঘাতে মেয়রের শাশুড়ি সায়েরা বানু আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত ১১টার দিকে মেয়রের বাসায় তল্লাশি চালিয়ে তাঁর ছোট দুই ভাইকে আটক করে পুলিশ।